মালয়েশিয়া উপকূলে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৬১
মালয়েশিয়ার পশ্চিম উপকূলের মালাক্কা প্রণালীতে প্রায় ১০০ জন অবৈধ ইন্দোনেশীয় অভিবাসীবাহী কাঠের নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে।
নৌকাটি মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সাবাক বার্নাম থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রার দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ডুবে যাওয়া নৌকাটির হতভাগ্য এসব যাত্রীর লাশ সাগর থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার উপকূলীয় সংস্থার তল্লাশি ও উদ্ধার বিভাগের পরিচালক রবার্ট তেহ্।
অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটির মাত্র ২০ জন আরোহী রক্ষা পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতদের অধিকাংশই পুরুষ হলেও এদের মধ্যে এক ছোট শিশুও রয়েছে বলে জানিয়েছেন তেহ্।
“আজ আর কোনো লাশ খুঁজে পাওয়া না গেলে আগামীকাল তল্লাশি ও উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হতে পারে,” বলেন তেহ্।
মালয়েশীয় কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছিলেন, মালয়েশিয়ায় কাজ করা অবৈধ ইন্দোনেশীয় শ্রমিকরা ঈদ-উল-আযহা উপলক্ষে নৌকাটিতে চেপে বাড়িতে ফিরছিলেন। কিন্তু খারাপ আবহাওয়া ও অতিরিক্ত যাত্রী-বোঝাই হওয়ার কারণে নৌকাটি উল্টে যায় বলে মনে করা হচ্ছে।
মালয়েশিয়ায় বৈধ ও অবৈধ মিলিয়ে প্রায় ষাট লাখ ইন্দোনেশীয় কর্মরত আছেন। এদের অধিকাংশই নির্মাণশিল্প, কৃষি ও অন্যান্য শিল্প কারখানায় শ্রমিক ও গৃহকর্মী হিসেবে কাজ করেন।
