২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবতার ডাকে ইউরোপে ‘অন্যরকম দিন’

কম্বল বা স্লিপিং ব্যাগ জড়িয়ে লম্বা লাইন ধরে তারা নেমে এলেন বাস থেকে। শত শত উদ্বিগ্ন মুখ, কারো কাঁধে ঘুমন্ত শিশু।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 10:38 AM

Updated : 12 Oct 2022, 04:12 PM

পুরনো খবর:

শরণার্থীদের নিজের বাড়ি দিতে চান ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

বৃষ্টি মাথায় নিয়ে তারা হাঙ্গেরি থেকে পা রাখলেন অস্ট্রিয়ায়। ত্রাণকর্মীরা তাদের হাতে তুলে দিলেন ফল, পানির বোতল।

ব্যানার হাতে সীমান্তে জড়ো হওয়া অস্ট্রীয় স্বেচ্ছাসেবীরা গাইতে লাগলেন- ‘হে শরণার্থী, তোমায় স্বাগতম’।

বুদাপেস্ট স্টেশনে কয়েক দিন আটকে থাকার পর শনিবার সীমান্ত পেরিয়ে অস্ট্রিয়ায় প্রবেশ করেছেন প্রায় নয় হাজার শরণার্থী। তাদের মধ্যে অনেকেই সরাসরি ভিয়েনায় চলে গেছেন। বড় একটি দল ট্রেনে করে জার্মানির দক্ষিণ সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছেন মিউনিখে।    

জার্মানির রাষ্ট্রীয় গণমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত পর্যন্ত প্রায় ছয় হাজার অভিবাসনপ্রত্যাশী মিউনিখে পৌঁছেছেন, যাদের অধিকাংশই সিরীয় শরণার্থী।

হাত তালি দিতে দিতে ট্রেন থেকে নেমে আসছিলেন তারা, কণ্ঠে ছিল উচ্ছ্বাস। জার্মান পুলিশও তাদের স্বাগত জানিয়েছে, নিবন্ধন করিয়ে খাবার দিয়েছে, দিয়েছে কাপড়। আরবিভাষী দোভাষীরা পুরো কাজে সহযোগিতা করেছেন তাদের।   

মিউনিখ থেকে প্রায় ৮০০ শরণার্থী ট্রেনে চেপে ডর্টমুন্ডে গেছেন। আরও সাড়ে চারশ গেছেন ফ্রাঙ্কফুর্টের দিকে।

আপার বাভারিয়া আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সিমোন হিলগার্সকে উদ্ধৃত করে ডয়চে ভ্যালের প্রতিবেদনে বলা হয়েছে, “আজ আমরা তাদের সাদরে গ্রহণ করছি। আমরা জানি, এটা সামলানো বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কিন্তু সরকার, সাধারণ জনগণ- সবাই এখন এটাই চাইছে।”     

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হ্যারাল্ড নেইমানসের ভাষায়, এটি একটি ‘অন্যরকম দিন’। আর শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত ‘মানবিক কারণে।’

অস্থির মধ্যপ্রাচ্য আর যুদ্ধবিধ্বস্ত লিবিয়া সিরিয়া থেকে গত এক বছর ধরেই হাজার হাজার মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টায় আছেন। ভয়ঙ্কর এই যাত্রায় তাদের সঙ্গী হচ্ছেন এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসন-প্রত্যাশীরাও।

এই শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের একটি দল গত সপ্তাহে হাঙ্গেরিতে পৌঁছে জার্মানি যেতে চাইলে শুরু হয় অচলাবস্থা। হাঙ্গেরির সরকার জার্মানি ও অস্ট্রিয়ার ট্রেন বন্ধ করে দিলে বুদাপেস্ট রেলস্টেশনে অবস্থান নিয়ে থাকে হাজার হাজার শরণার্থী।

শেষ পর্যন্ত তারা প্রায় আড়াইশ কিলোমিটার পায়ে হেঁটে অস্ট্রিয়া যাওয়ার জন্য রওনা হলে নরম হয় হাঙ্গেরি। অস্ট্রিয়া সীমান্ত পর্যন্ত তাদের জন্য বাসের ব্যবস্থা করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডাবলিন রুলস অনুযায়ী, বাইরে থেকে কেউ এসে ইউরোপে অভিবাসী হতে চাইলে প্রথমে ইইউভুক্ত যে দেশে তিনি নামবেন, সেখানেই নিবন্ধন করে তাকে আবেদন করতে হবে।

ওই নিয়মের তোয়াক্কা না করে জার্মানি ও অস্ট্রিয়া শনিবার শরণার্থীদের জন্য তাদের সীমান্ত খুলে দেয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

অস্ট্রিয়ার চ্যান্সেলর ভারনার ফেইমান নিজের ফেইসবুক পেইজে বলেন, “আজ হাঙ্গেরি সীমান্তের জরুরি অবস্থা বিবেচনায়, অস্ট্রিয়া ও জার্মানি অভিবাসীদের প্রবেশ করতে দেওয়ার বিষয়ে একমত হয়েছে।”

সীমান্ত ‍খুলে দেওয়ার বিষয়টিকে একটি ‘বিশেষ ঘটনা’ অভিহিত করে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হ্যারাল্ড নেইমানস বলেন, “ডাবলিন রুলস এখনও বাতিল হয়নি। আমরা আশা করব, ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ ওই নিয়ম মেনে চলবে।” 

জার্মানির মতই শরণার্থীদের আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী য়ুহা সিপিলা। তিনি বলছেন, তার কেম্পেলের বাড়ি ব্যবহার হচ্ছে না। আগামী বছরের শুরু থেকে ওই বাড়িতে আশ্রয়প্রার্থীরা থাকতে পারেন।

শরণার্থীদের এই ঢল কীভাবে সামাল দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছেন ইউরোপের নেতারা। তবে গ্রিস, ইতালি ও হাঙ্গেরিতে পৌঁছানো ১ লাখ ২০ হাজার শরণার্থীকে ইউরোপের দেশগুলোর মধ্যে যার যার ইচ্ছানুযায়ী ভাগ করে দেওয়ার প্রাথমিক পরিকল্পনা করেছে ইইউ।

২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৪০ লাখ মানুষ প্রতিবেশী দেশ তুরস্ক, লেবানন, জর্ডান, মিশর ও ইরাকে আশ্রয় নিয়েছে। অনেকে ইউরোপের বিভিন্ন দেশেও গেছেন।

ইউরোপে পৌঁছানোর এই মরিয়া চেষ্টার মধ্যে গত বুধবার সাগর পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার সময় নৌকা ডুবে আয়লান নামে তিন বছরের এক সিরীয় শিশুর মৃতদেহ তুরস্কের ঊপকূলে ভেসে আসে। সৈকতে মুখ থুবড়ে পড়ে থাকা ওই শিশুর মৃতদেহের ছবি বিশ্বের প্রায় সব সংবাদ মাধ্যমের শিরোনাম হয়।