আফগানিস্তানে দুই নেটো সদস্য নিহত
আফগান নিরাপত্তা বাহিনীর পোশাক পরিহিত দুই ব্যক্তির ছোঁড়া গুলিতে দুই নেটো সেনা নিহত হয়েছেন।
বুধবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের এ ঘটনায় নেটো সেনাদের পাল্টা গুলিতে ওই দুই হামলাকারীও নিহত হন।
এক বিবৃতিতে দেশটিতে মোতায়েন নেটো বাহিনী বলেছে, “আজ সকালে আফগান ন্যাশনাল ডিফেন্স ও নিরাপত্তা বাহিনীর পোশাক পরিহিত দুই ব্যক্তি রেজোলুট সাপোর্ট সার্ভিসের গাড়ি লক্ষ করে গুলিবর্ষণ করলে দুই সদস্য নিহত হন।”
বিবৃতিতে ঘটনাটি হেলমান্দ প্রদেশের কোথায় ঘটেছে বা নিহতদের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে হেলমান্দে দায়িত্বপালন করা বিদেশি সেনাদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক।
আঞ্চলিক এক কর্মকর্তা জানিয়েছেন, সাবেক ক্যাম্প ব্যাস্টিওনে এ ঘটনায় ঘটেছে এবং গুলিবর্ষণকারীদের আফগান স্পেশাল ফোর্সের সদস্য বলে মনে করা হচ্ছে।
গেল বছর ক্যাম্পটি আফগান কর্তৃপক্ষের কাছে হন্তান্তর করা হয়েছিল।
আফগানিস্তান থেকে অধিকাংশ বিদেশি সেনা প্রত্যাহার করে নেওয়া হলেও দেশটিতে ১২ হাজার নেটো সেনা এখনও মোতায়েন আছে। তালেবান বিদ্রোহ মোকাবিলায় আফগান বাহিনীগুলোকে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যেই তাদের রাখা হয়েছে।
