কিশোরের আঘাতে ১৫ লাখ ডলারের শিল্পকর্ম ক্ষতিগ্রস্ত
একটি প্রদর্শনীতে ১২ বছরের এক বালক ভারসাম্য হারিয়ে পড়ে গেলে তার হাতের আঘাতে সপ্তদশ শতাব্দীর ইতালীয় এক শিল্পীর বিখ্যাত একটি চিত্রকর্মের ক্যানভাস ফুটো হয়ে গেছে।
মঙ্গলবার তাইওয়ানের রাজধানী তাইপের একটি শিল্পকর্ম প্রদর্শনীতে এ ঘটনা ঘটেছে।
ইতালীয় শিল্পী পাওলো পোরপোরা-র ‘ফ্লাওয়ারস’ নামের ওই চিত্রকর্মটির বাজারমূল্য বর্তমানে ১৫ লাখ ৪০ হাজার ডলার বলে জানিয়েছেন প্রদর্শনীর উদ্যোক্তারা।
বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির প্রেরণায় পোরপোরা ‘ফ্লাওয়ারস’ চিত্রকর্মটি এঁকেছিলেন বলে জানিয়েছেন প্রদর্শনীর প্রধান উদ্যোক্তা ডেভিড সান।
“সচরাচর এ ধরনের দুর্ঘটনা ঘটে না,” বলেন সান।
“গাইডের কথা শুনতে শুনতে তন্ময় হয়ে থাকা ছেলেটি কোথায় যাচ্ছে খেয়াল করেনি। একটা কিছুতে পা হড়কে সে চিত্রকর্মটির উপর পড়ে যায়। এতে চিত্রকর্মটি ফুটো হয়ে যায়।”
এ ঘটনায় বালকটি ও তার পরিবার আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে এবং তাদের কোনো জরিমানার মুখোমুখি হতে হবে না বলে জানিয়েছেন সান।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে চিত্রশিল্পটির সংগ্রাহককে জানানো হয়েছে এবং তারা পেইন্টিংটি মেরামত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। মেরামতের পর পেইন্টিংটি আবার প্রদর্শনীতে প্রদর্শন করা হবে।
