২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের শেয়ারবাজারে দরপতনের পর কমলো সুদহার

টানা দুদিন ধরে চীনের শেয়ারবাজারে ব্যাপক দরপতনের পর বাজার চাঙা করতে সুদের হার কমিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 07:29 PM

Updated : 22 Aug 2022, 01:05 PM

বিবিসির খবরে বলা হয়, অর্থনীতি নিয়ন্ত্রণে রাখতে গত নভেম্বর থেকে এ পর্যন্ত পাঁচবার সুদের হার কমালো চীন।

মঙ্গলবার দ্য পিপলস ব্যাংক অব চায়না মূল সুদের হার শূন্য দশমিক ২৫ ভাগ কমিয়ে ৪ দশমিক ৬ শতাংশে নির্ধারণ করে।

সুদের হারের সঙ্গে ব্যাংকের রিজার্ভও শূন্য দশমিক ৫ শতাংশ কমিয়েছে, যা বুধবার থেকে কার্যকর হবে।

মঙ্গলবারও চীনের শেয়ারবাজারের সূচক ৭ শতাংশের বেশি নেমে যায়। এর আগে সোমবার সূচক ৮ শতাংশের বেশি কমে যায়।

ডিসেম্বরের পর চীনের বাজারে সূচকের এমন দরপতন দেখা যায়নি।

পরিস্থিতি সামলাতে চীনের সুদের হার কমানোর সুফল এর মধ্যে পড়তে শুরু করেছে বিশ্বের শেয়ার বাজারে।

চীন সুদহার কমানোর ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে লন্ডনে শেয়ারবাজারের সূচক এক লাফে ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। জার্মানিতে বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশ।

ফ্রান্সে এ হার বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ।

এছাড়া ইউরোপের লিসবন, মাদ্রিদ, মস্কো ও মিলানের শেয়ারবাজারের সূচকও বেড়েছে।

দুই সপ্তাহ আগে চীন দেশটির মুদ্রা ইউয়ানের অবমূল্যায়ন করলে বিনিয়োগকারীদের মধ্যে মন্দার ভীতি তৈরি হয়। 

এতেই শেয়ারবাজারে পতন ত্বরান্বিত হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়।

বেইজিং কনফারেন্স বোর্ডের অর্থনীতিবীদ অ্যান্ড্রু পলক বলেন, “সত্যি বলতে, (শেয়ার বাজারের) এই চিত্র আমাকে কিছুটা আতঙ্কিত করে তুলেছে।

“এটি সবকিছু শেষ হয়ে যাওয়ার ইঙ্গিত। এর অর্থ বেশ কিছু বিষয়ে সমাধানে আসতে হবে। এছাড়া গত দুদিনে যে বিষয়গুলো বাজারের প্রভাব ফেলেছে, সেগুলোও নিয়ন্ত্রণ করতে হবে।”

পুরনো খবর:

চীনের মন্দার প্রভাব বিশ্বের শেয়ারবাজারে