মেদভেদেভের সফরে জাপান-রাশিয়া সম্পর্কে উত্তাপ
বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ সফরকে কেন্দ্র করে জাপান ও রাশিয়ার সম্পর্কে উত্তাপ ছড়িয়েছে।
শনিবার প্রশান্ত মহাসাগরের ইতোরুফু (কুরিল) দ্বীপপুঞ্জে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সফরের একদিন পর জাপানে অবস্থিত রাশিয়ার রাষ্ট্রদূতকে কারণদর্শাও নোটিশ দিয়েছে জাপান সরকার।
একইসঙ্গে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার রাষ্ট্রীয় সফর বাতিল করা হয়েছে বলে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পর্কের এ টানাপোড়নে আগামি নভেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যে একটি দ্বিপাক্ষীয় বৈঠকও হচ্ছে না বলে সরকারের শীর্ষ কর্মকর্তারা স্বীকার করছে।
অন্যদিকে, রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বার্তা সংস্থা ইন্টারফাক্সকে বলেছেন, জাপান আমাদের প্রতিবেশী দেশ। আর কুরিল রাশিয়ার দ্বীপ হওয়ায় আমি সেখানে সফরে গেছি। এ নিয়ে দু’দেশের সম্পর্কে তেমন অবনমন হবে না।
তবে জাপান এ সফরের তীব্র নিন্দা জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কিশিদা রোববার টোকিওয় সাংবাদিকদের বলেছেন, আমাদের না জানিয়ে কেন রাশিয়ার প্রধানমন্ত্রী কুরিল সফর করেছেন তা জানতে আমরা রাশিয়ার রাষ্ট্রদূত ইভজেনি আফানাসিভকে শোকজ করেছি। জাপানের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হোক্কাইডোর এ দ্বীপে মেদভেদেভের এ সফর আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে।
আর এই প্রেক্ষাপটে জাপানে নভেম্বরে অনুষ্ঠেয় দুই দেশের রাষ্ট্র প্রধানদের সরকারি সফরের আয়োজন করতে রাশিয়া সফর বাতিল করেছেন কিশিদা, যে সফরে এ দ্বীপপুঞ্জটি জাপানকে দেয়ার চুক্তি সই হওয়ার কথা ছিল।
২০১০ সালে মেদভেদেভ যখন রাশিয়ার ক্ষমতায় আসেন তখন তিনি কুনাশিরি নামক আরো একটি অমিমাংশিত দ্বীপপুঞ্জ সফর করেন। এরপর ২০১২ সালের জুলাই ফের সফরে আসেন দ্বীপটিতে।
শনিবার দিমিত্রি মেদভেদেভের ওই সফরের সময় জাপানের নাগরিকরা টোকিওতে বিক্ষোভ দেখায়। আর ওইদিনই জাপান সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে টেলিফোন করে রাশিয়ার রাষ্ট্রদূতকে ভর্ৎসনা করা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়ার অন্তুর্ভুক্ত দ্বীপগুলোর মালিকানা দাবি করে আসছে জাপান। বিষয়টির কোনো সুরাহা না হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ নিয়ে দু’দেশের সম্পর্ক তিক্ত হয়ে আছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ওই সময় জাপানের অধিকারে থাকা দ্বীপপুঞ্জটির দখল নেয় রাশিয়া। এ দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বিরোধের কারণে দেশ দুটি এ পর্যন্ত আনুষ্ঠানিক কোনো শান্তিচুক্তিতে সইও করেনি।
ওদিকে, জাপানের বেশ কয়েকটি দৈনিক পত্রিকার খবর বের হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভের ৭০তম বার্ষিকী উদযাপনে আগামী ৩ সেপ্টেম্বর চীন ও রাশিয়া যৌথভাবে প্রশান্ত মহাসাগরে আকাশ মহড়া দেবে। চীনের সেনারা এর জন্য ব্যপক প্রস্তুতি নিয়ে রেখেছে।
সমালোচকরা বলছে, রাশিয়া কৌশলগতভাবে শনিবার অনেকটা জোর করে কুরিল দ্বীপ সফর করেছে। চীনের সঙ্গে এক হয়ে এই যৌথ মহড়া সে ইঙ্গিতই দিচ্ছে।
