লেবাননে বিক্ষোভ স্থগিত ঘোষণা
লেবাননের বিক্ষোভ স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। সোমবার সন্ধ্যার পূর্বনির্ধারিত সমাবেশ স্থগিতের ঘোষণা দিয়েছেন আয়োজকেরা।
রোববার দেশটির রাজধানী বৈরুতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর আন্দোলনকারীদের পক্ষ থেকে এ ঘোষণা এলো।
রাস্তা থেকে আবর্জনা সরিয়ে নিতে ব্যর্থ হওয়ায় লেবাননে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভকারীদের আয়োজক সংগঠন তাদের ফেইজবুক পেইজে জানিয়েছে, পূর্বনির্ধারিত সমাবেশ স্থগিত করেছেন তারা। সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের সিদ্ধান্তের ব্যাখ্যা জানিয়ে দেবেন।
রোববার রাজধানী বৈরুতের রাস্তায় কয়েক হাজার বিক্ষোভকারী সরকারবিরোধী বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদুনে গ্যাস ব্যবহার করে। এতে বহু মানুষ আহত হয়েছেন।
এ পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী তাম্মাম সালাম পদত্যাগের হুমকি দেন। লেবাননে কোনো প্রেসিডেন্ট নেই, পার্লামেন্টেও অচলাবস্থা চলছে।
সুন্নি ও শিয়া রাজনৈতিক দলগুলো মিলে গঠন করা সালামের জোট সরকার সিরিয়ার গৃহযুদ্ধের প্রভাবে সাম্প্রদায়িক দ্বন্দ্বে পঙ্গু হয়ে আছে বলে অভিযোগ উঠেছে।
গেল মাসে বৈরুতের আবর্জনা ফেলার সবচেয়ে বড় জায়গাটি বন্ধ করে দেওয়ার পর থেকে রাজধানীর সড়কগুলোতে আবর্জনার স্তূপ জমে উপচে পড়ছে। এসব আবর্জনা সরিয়ে নিতে ব্যর্থ হওয়ার মুখে রাজধানীতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।
আবর্জনা সংকট সমাধান করতে না পারার জন্য বিক্ষোভকারীরা রাজনৈতিক অচলাবস্থা ও দুর্নীতিকে দায়ী করেছেন।
রোববার বিক্ষোভ চলাকালে পুলিশের দিকে পাথর ও লাঠি ছুঁড়ে মারে বিক্ষোভকারীরা। রাস্তায় রাস্তায় আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেন তারা।
বার্তা সংস্থা রয়টার্সকে ৩৯ বছর বয়সী আন্দোলনকারী সামের আব্দুল্লাহ বলেন, “লোকজন রাস্তায় বেরিয়ে এসেছে কারণ তাদের বাসায় বিদ্যুৎ নেই। তাদের লাখ লাখ সমস্যা, তারমধ্যে আবর্জনার সমস্যা সঙ্কটজনক পর্যায়ে এসে ঠেকেছে।”
অপরদিকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রধানমন্ত্রী সালাম বলেছেন, “এ ধরনের বিষয় চলতে থাকলে সরকারে আর আমরা থাকতে পারবো না বলে সতর্ক করছি।”
তিনি আরো বলেন, “সরকার ভেঙে পড়লে তার দায়দায়িত্ব আমার থাকবে না, বরং সব কর্মকর্তা ও রাজনৈতিক শক্তিগুলোকে এর দায় বহন করতে হবে।”
প্রধানমন্ত্রী সালাম পদত্যাগ করলে লেবাননে একটি সাংবিধানিক সংকট তৈরি হবে। কারণ দেশটির প্রধানমন্ত্রীর নিয়োগ দেন প্রেসিডেন্ট। কিন্তু এক বছরেরও বেশি সময় ধরে দেশটির প্রেসিডেন্টের আসন খালি পড়ে আছে।
প্রেসিডেন্টের আসনে কাউকে বসাতে যে রাজনৈতিক সমঝোতার প্রয়োজন তা ইরান ও সৌদি আরবের মধ্যস্থতা ছাড়া সম্ভব নয় বলে জানিয়েছেন অনেকে।
সালাম বলেছেন, যদি চলতি সপ্তাহে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে আবর্জনা সমস্যা সমাধানে কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে ঋণে জর্জরিত লেবানন সরকার ভেঙে যেতে পারে।
ইতোমধ্যেই তিনি সতর্ক করে জানিয়েছেন, ঋণে জর্জরিত সরকারের আগামী মাসের মাসিক বেতন দেওয়ার মতো অবস্থা নাও থাকতে পারে।
তিনি আরও বলেছেন, বন্ড বিক্রির মাধ্যমে জনগণের কাছ থেকে নেওয়া ঋণের টাকা সরকার ফেরত দিতে না পারলে লেবাননের ক্রেডিট রেটিং ‘ব্যর্থ রাষ্ট্রের’ পর্যায়ে নেমে যেতে পারে।
