কাবুলের বোমা হামলায় ৩ মার্কিন সেনা নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ১২ জনের মধ্যে তিন জন নেটোর মার্কিন সেনা।
শনিবার রাতে নেটোর পক্ষ থেকে বলা হয়, তাদের নিহত তিন সেনার মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর আহত বাকি দুই জন পরে মারা যায়।
শনিবার কাবুলের আবাসিক এলাকার একটি ব্যস্ত রাস্তায় একটি হাসপাতালের বাইরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আত্মঘাতী হামলাকারী তার গাড়িটি দিয়ে নেটো সেনাদের একটি সাঁজোয়া যানের বহরে সজোরে ধাক্কা দেয়। বিস্ফোরণের ধাক্কায় পাশে থাকা কয়েকটি গাড়িও বিধ্বস্ত হয়, যেগুলোর মধ্যে একটি স্কুল ভ্যান ছিল।
কাবুলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানানো হয়েছে।
এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সম্প্রতি তালেবান জঙ্গিরা নিয়মিতভাবে কাবুলে এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে।
এ মাসের শুরুতে কাবুল বিমানবন্দরের প্রবেশপথের কাছে একটি চেকপয়েন্টে আত্মঘাতী বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত হয়।
তার আগে রাজধানীতে একইদিনে আরো তিনটি বোমা হামলার ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়।
