২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছর পর খুলেছে ইরানের ব্রিটিশ দূতাবাস

ইরানের রাজধানী তেহরানে প্রায় ৪ বছর পর খুলেছে ব্রিটিশ দূতাবাস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 04:55 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ফিলিপ হ্যামন্ড রোববার তেহরানে দূতাবাস নতুন করে খোলার অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন ইরানের কূটনীতিকরাও।

২০১১ সালে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে  বিক্ষোভকারীরা তেহরানের ব্রিটিশ দূতাবাসে ভাঙচুর চালালে অনির্দিষ্টকালের জন্য দূতাবাসের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল।

২০০৩ সালের পর এই প্রথম কোনো ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইরান সফর করেলেন হ্যামন্ড।

পরমাণু কর্মসূচি সীমিত করা নিয়ে ছয় শক্তিধর দেশের সঙ্গে ইরান একটি চুক্তিতে পৌঁছানোর কয়েক সপ্তাহের মাথায় ব্রিটেন এ উদ্যোগ নিল।

দূতাবাস নতুন করে চালুর অনুষ্ঠানে হ্যামন্ড বলেন, “ইরানে প্রেসিডেন্ট হাসান রুহানি নির্বাচিত হয়ে আসার পর থেকে ধাপে ধাপে পরিস্থিতির উন্নতি হয়েছে। গত মাসে হওয়া ঐতিহাসিক পরমাণু চুক্তি আরেকটি মাইলফলক। এতে করে কূটনীতির সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটেছে এবং অভিন্ন বহু চ্যালেঞ্জ মোকাবেলায় পারষ্পরিক শ্রদ্ধার পরিবেশে দু’দেশ কাজ করেছে।”

তিনি আরো বলেন, “যৌক্তিকভাবেই এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে দূতাবাস আবারো খুলে দেয়াটা। যা দু’দেশের মধ্যে আস্থা ও বিশ্বাসের পরিবেশ সৃষ্টি করবে।”