সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫০
সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তরপূর্বদিকের বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি আবাসিক এলাকায় সরকারি বাহিনীর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ধসে পড়া একটি ভবনের নিচ থেকে অন্তত ৫০টি লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার দামেস্ক থেকে ১৫ কিলোমিটার দূরে দুমা শহরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে চারতলা ওই ভবনটি ধসে পড়ে বলে জানিয়েছেন তারা।
ধসে পড়া ভবনটিতে বহু বেসামরিক পরিবার বসবাস করতো দাবি করে তারা জানিয়েছেন, ভবনের ধ্বংসস্তূপের নিচে আরো লাশ থাকতে পারে।
বহু আহতকে অস্থায়ীভাবে তৈরি হাসপাতালে নেওয়া হয়েছে, এদের অনেকের আঘাতের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা গেছে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে ২০ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং বাকী ৩২ জনের পরিচয় শনাক্ত করা বাকি আছে।
