২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ফের রাসায়নিক প্লান্টে বিস্ফোরণ, নিহত ১

পূর্ব চীনের একটি রাসায়নিক প্লান্টে বড় ধরনের একটি বিস্ফোরণে একজন নিহত ও নয়জন আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Aug 2015, 11:53 AM

Updated : 25 Apr 2022, 01:46 PM

শনিবার রাতে শ্যানডং প্রদেশের হুয়ানতাই এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। 
 
মাত্র দুই সপ্তাহ আগে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় তিয়ানজিন বন্দরের গুদামে রাখা রাসায়নিকের ভয়াবহ বিস্ফোরণে ১২১ জন নিহত হওয়ার পর দেশটিতে আবার রাসায়নিক বিস্ফোরণের ঘটনা ঘটল।
 
রানজিং গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রানজিং কেমিক্যাল কারখানার এই বিস্ফোরণে সৃষ্ট ভূকম্পন দুই কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়েছে। বিস্ফোরণের ফলে আশপাশের ঘরবাড়ির জানালা-কপাট দুমড়ে-মুচড়ে গেছে। 
 
বিস্ফোরণে কারখানাটির একটি ভবন বিধ্বস্ত হয়েছে বলে সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়েছে। ঘটনাস্থলে দমকলের ২০টি গাড়িসহ দেড়শ দমকল কর্মীকে পাঠানো হয়েছে। 
 
পাঁচ ঘন্টা চেষ্টার পর বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলের আশপাশে রাসায়নিক দূষণের কোনো লক্ষণ চিহ্নিত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
কারাখানাটিতে অ্যাডিপনিট্রাইল নামের একটি রংহীন রাসায়নিক তরল উৎপাদিত হত বলে জানিয়েছে সিনহুয়া। এই তরলটি আগুনের সংস্পর্শে এলে বিষাক্ত গ্যাস উৎপন্ন করে।