২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে এয়ারশোর বিমান বিধ্বস্ত, নিহত ৭

যুক্তরাজ্যে একটি এয়ারশো চলাকালে রাস্তায় দাঁড়ানো কয়েকটি গাড়ির উপর একটি জেট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Aug 2015, 10:39 AM

Updated : 25 Apr 2022, 01:46 PM

শনিবার দুপুর সোয়া ১টার দিকে দক্ষিণপূর্ব ইংল্যান্ডের সাসেক্সে এ ঘটনা ঘটেছে।

সাসেক্সের শোরহ্যাম বিমানবন্দরের কাছের এ২৭ রাস্তার উপর হকার হান্টার যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়। দক্ষিণের উপকূলীয় শহর ব্রাইটনের কাছের শোরহ্যাম বিমানবন্দরেই এয়ারশোটি অনুষ্ঠিত হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই বিমান বিধ্বস্ত হওয়ার সময় রাস্তাটিতে ছিল। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

বিধ্বস্ত বিমানটির চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

যুক্তরাজ্যের দক্ষিণপূর্ব উপকূলীয় অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে ১৪ জন আহতকে  চিকিৎসা দিয়েছেন তারা, অপর চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনলাইনে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি চক্রাকার ঘুরে কসরত দেখানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। 

বিবিসিকে স্টেফেন জোন্স নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “বিমানটি চক্রাকারে ঘুরে যখন সোজা হয়ে সামনের দিকে এগিয়ে আসে তখনই আমি ভাবছিলাম, তুমি খুব নিচে চলে এসেছ, খুব নিচে, উপরে উঠে যাও।”

“কিন্তু বিমানটি সোজা উড়ে গিয়ে মাটিতে অথবা বিমানবন্দরের পাশের এ২৭ রাস্তায় গিয়ে পড়ে।”

গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, পাইলটকে জ্বলন্ত বিমানটি থেকে টেনে বের করা হয়েছে।

রোববার পর্যন্ত চলার কথা থাকলেও দুর্ঘটনার পর শোরহ্যাম এয়ারশো বাতিল করা হয়েছে।

হকার হান্টার একটি এক আসনের জঙ্গিবিমান। যুক্তরাজ্য ১৯৫০-র দশকে এই মডেলের বিমানগুলো প্রথম তৈরি করেছিল।