২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র অবমুক্ত

ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য নতুন একটি ক্ষেপণাস্ত্র অবমুক্ত করে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে ইরান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Aug 2015, 06:56 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

ফাতেহ ৩১৩ নামের ক্ষেপণাস্ত্রটি ৫০০ কিলোমিটারের (৩১০ মাইল) মধ্যে প্রায় নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম বলে দাবি করা হয়েছে।

শনিবার ক্ষেপণাস্ত্রটি অবমুক্ত করা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। মাসখানেক আগে নিজেদের পরমাণু প্রকল্পের বিষয়ে বিশ্ব শক্তির সঙ্গে একটি চুক্তি সাক্ষর করেছে তেহরান।

চুক্তির শর্ত অনুযায়ী,  আগামী আট বছর ইরানকে ‘ব্যালিস্টিক মিসাইল’ সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি নিতে হবে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্র এই প্রতিশ্রুতিও দিয়েছে, ইরান এ সংক্রান্ত কোনো প্রস্তাব নিয়ে নিরাপত্তা পরিষদে আসলে যুক্তরাষ্ট্র সেটার বিরোধিতা করবে।

তবে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, চুক্তির যে অংশ তাদের সামরিক সক্ষমতাকে খর্ব করবে তারা সেটা মানবে না। 

ক্ষেপণাস্ত্র অবমুক্ত অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, “আমরা আমাদের প্রয়োজনীয় যেকোনো অস্ত্র ক্রয়, বিক্রয় ও উন্নতি সাধন করবো। এজন্য আমরা কারও অনুমতি চাইবো না বা সমাধানের বিকল্প কোনো পন্থা বরদাস্ত করবো না।”

“নিজেরা শক্তিশালী হলেই কেবল আমরা অন্য দেশের সঙ্গে আলোচনা করতে পারবো। যদি একটি দেশের কোনো ক্ষমতা বা স্বাধীনতা না থাকে তবে দেশটি সত্যিকারের শান্তির পথ খুঁজে পাবে না।”

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এরই মধ্যে ফাতেহ ৩১৩ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। শিগগিরই এই ক্ষেপণাস্ত্রটি ব্যাপকভাবে উৎপাদন শুরু হবে।