ঘূর্ণিঝড় গনির আঘাতে ফিলিপাইনে নিহত ৪
ফিলিপাইনের উত্তরাঞ্চলে তৃতীয় মাত্রার ঘূর্ণিঝড় গনির আঘাতে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
শুক্রবার আঘাত হানা ঘূর্ণিঝড়টির তাণ্ডব থেকে বাঁচতে কয়েকশত মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছেন।
বাতাসের একটানা বেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার থেকে কখনও কখনও ২০৫ কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা।
ঘূর্ণিঝড়টি ঘণ্টায় সাত কিলোমিটার গতিতে পশ্চিম-উত্তরপশ্চিমে এগিয়ে দক্ষিণ জাপানের দিকে যাচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঝড়টি ফিলিপাইনের কাগাইয়ান প্রদেশের ৬২ কিলোমিটার দূর দিয়ে উত্তর ফিলিপাইনের উপকূল ছুঁয়ে এগিয়ে যাচ্ছে।
বেসামরিক প্রতিরক্ষা ও স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিধসে তিনজন ও পানিতে ডুবে একজন মারা গেছেন।
ঘূর্ণিঝড় সংশ্লিষ্ট ঘটনায় আরো তিনজন আহত ও একজন নিখোঁজ রয়েছেন।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের স্থানীয় পরিচালক নরমা তালোসিগ জানিয়েছেন, বাতানেস ও কাগাইয়ান প্রদেশের ঘূর্ণিঝড় কবলিত এলাকা থেকে চারশরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়া ভূমিধসের আশঙ্কা থাকায় পার্বত্য কোর্ডিলেরা অঞ্চল থেকে আরও তিনশরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের নির্বাহী পরিচালক আলেকজান্ডার পামা জানিয়েছেন, গনির প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতে দেশটির উত্তরাঞ্চলের নিচু এলাকাগুলোতে বন্যা দেখা দিয়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটছে।
উত্তরাঞ্চলীয় লুজন প্রদেশের ব্যাপক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং সমুদ্রে ও আকাশপথে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। উপকূলের মাছ ধরার নৌকাগুলোকে সাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
