ফ্রান্সে ট্রেনে গুলিবর্ষণ, বন্দুকধারী আটক
ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে ব্যাপক অস্ত্রেশস্ত্রে সজ্জিত এক ব্যক্তির গুলিতে তিনজন আহত হয়েছেন।
বিবিসি বলছে, গুলিবর্ষণের মধ্যেই মধ্যেই বন্দুকধারীকে ধরে ফেলেন ট্রেনটির যাত্রী যুক্তরাষ্ট্রের দুই নাগরিক।
শুক্রবার বিকেলে আমস্টার্ডাম থেকে প্যারিসে যাওয়ার পথে ফ্রান্সের উত্তরাঞ্চলের অ্যারাসের কাছে হাইস্পিড ট্রেন সার্ভিস থ্যালিসে এ ঘটনা ঘটে। পরে অ্যারাস স্টেশনে ট্রেনটি থামলে বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়।
যুক্তরাষ্ট্রের ওই নাগরিকদের প্রশংসা করেছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা দুজনেই আহত হয়েছেন। এদের মধ্যে একজন গুলিতে গুরুতরভাবে আহত হয়েছেন, অপরজন ছুরির আঘাতে আহত হয়েছেন।
আহত অপর যাত্রী ফরাসি অভিনেতা জ্যঁ-হুগুয়েস অ্যাংলাদ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ট্রেনের বিপদসংকেত বাইরে থেকে যেন শোনা যায়, সে উদ্দেশ্যে জানালার কাঁচ ভাঙতে গিয়ে সামান্য আহত হয়েছেন তিনি।
