সিরিয়ার রকেট হামলার জবাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সিরিয়ার রকেট হামলার জবাব দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের একটি বিমান সিরিয়ার গোলান মালভূমি এলাকায় এ ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
হামলায় ৪ ফিলিস্তিন গেরিলাকে হত্যা করার কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, শুক্রবারের বিমান হামলায় নিহত ৪ জন ইরান-সমর্থিত ইসলামিক জিহাদের সদস্য।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ‘বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র’ দেশটির গোলান মালভূমির কিউনেইটরা এলাকার একটি পরিবহন কেন্দ্র এবং সরকারি ভবনে আঘাত করেছে।
সিরিয়ার সামরিক সূত্রে সকাল সাড়ে দশটার দিকে চালানো এ হামলায় ৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি গ্রামে রকেট হামলা চালানোর খবর প্রকাশ পায়। তবে হামলায় হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে গোলানের পশ্চিমাঞ্চল দখল করে ইসরায়েল। ২০০৬ সালে ইসরায়েল ও লেবাননের গেরিলা দল হিজবুল্লাহ’র মধ্যে যুদ্ধের পর ওই এলাকা শান্তই ছিল।
