গ্রিসে নির্বাচনের আগে ক্ষমতাসীন দলে ভাঙন
গ্রিসের ক্ষমতাসীন বামপন্থি সিরিজা পার্টি থেকে বেরিয়ে গিয়ে নতুন দল গড়ছে বেইলআউট চুক্তি বিরোধী কট্টর বামরা।
আগাম নির্বাচনের পথ সুগম করতে প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের পদত্যাগের পর দলে এ ভাঙন দেখা দিল।
সিরিজা নেতা ও প্রধানমন্ত্রী সিপ্রাস বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন।
এ মাসের শুরুর দিকে ইউরোপীয় ঋণদাতাদের সঙ্গে গ্রিসের নতুন বেইলআউট চুক্তি নিয়ে ভোটাভুটিতে সিপ্রাস তার নিজ দলের অনেক এমপি’র সমর্থন হারানোর পর পদত্যাগ করেন।
তৃতীয় বেইলআউট চুক্তির শর্ত অনুযায়ী গ্রিসকে যে কৃচ্ছ্কতার পথে যেতে হচ্ছে তা নিয়ে সিপ্রাসের দল সিরিজা পার্টিতে ঘোর বিরোধী এবং ক্ষুব্ধ কট্টর বাম সদস্যরা শুক্রবার নতুন পার্টি গড়তে দল থেকে বেরিয়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স।
গ্রিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিজা পার্টির বেইলআউট চুক্তি বিরোধী ২৫ জন এমপি নতুন লেইকি এনোতিতা (পপুলার ইউনিটি) নামক পার্টিতে যোগ দেবে। দলটির নেতৃত্ব দেবেন সাবেক জ্বালানি মন্ত্রী পানাগিওতিস লাফাজানিস, যিনি বেইলআউট চুক্তির ঘোর বিরোধী।
গ্রিসের একটি পত্রিকা নতুন পার্টিতে যোগ দিতে ইচ্ছুক এমপি দের একটি তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে পার্লামেন্টের স্পিকার জোয়ে কনন্ট্যানতোপৌলো এবং সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিসের নাম নেই।
২৫ জন আইপ্রণেতা নিয়ে গঠিত নতুন পপুলার ইউনিটি পার্টি গ্রিক পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হবে। ওদিকে, দলের এ ভাঙন ভোটারদের মধ্যে সিপ্রাসের আবেদন বাড়াবে বলে মনে করা হচ্ছে।
