২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়াকে হুমকি দিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আদেশ দিয়েছেন। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Aug 2015, 01:25 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

শুক্রবার বিকাল ৫টা থেকে দেশটির সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে থাকার আদেশ দেওয়া হয়েছে। 

শনিবারে বিকালের মধ্যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রপাগান্ডামূলক সম্প্রচার বন্ধ করা না হলে দক্ষিণ কোরিয়াকে সামরিক পদক্ষেপের মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। 

দুই কোরিয়ার সীমান্তে দক্ষিণ কোরিয়ার লাউড স্পিকার সম্প্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার গোলা নিক্ষেপ করে উত্তর কোরিয়া।  জবাবে দক্ষিণ কোরিয়াও গোলা নিক্ষেপ করে। এতে কোরীয় উপদ্বীপের দেশদুটির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

উভয় দেশই গোলা হামলায় কেউ আহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে। 

রোববার দক্ষিণ কোরিয়ার প্রতি সম্প্রচার বন্ধ করার দাবি জানিয়ে, দাবি মানা না হলে সামরিক পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছিল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া দাবি অগ্রাহ্য করলে গোলা নিক্ষেপ করে দাবির বিষয়ে নিজেদের দৃঢ় অবস্থান জানান দেয় উত্তর কোরিয়া। 

উত্তর কোরিয়ার এ সামরিক পদক্ষেপ একটি বিরল ঘটনা। দক্ষিণ কোরিয়াকে দেশটি প্রায়ই হুমকি দিলেও হুমকির পর তা বাস্তবায়নের নজির বিরল। 

৪৮ ঘণ্টা মধ্যে সম্প্রচার বন্ধ করতে যৌথ সামরিক যোগাযোগ চ্যানেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালায়কে একটি চিঠি দিয়েছে ‍উত্তর কোরিয়া। সুনির্দিষ্ট এই পদক্ষেপটিও উত্তর কোরিয়ার চরিত্রের সঙ্গে মানানসই নয়। 

এদিকে সম্প্রচার অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-র প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরীয় নেতা তার সেনাদের বিকাল ৫টা থেকে ‘যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত’ হতে বলেছেন এবং সীমান্তের উত্তেজনাপূর্ণ এলাকাগুলোতে ‘প্রায় যুদ্ধাবস্থা’ ঘোষণা করেছেন। 

শুক্রবার সকালে উত্তর কোরিয়ার প্রপাগান্ডামূলক ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।