দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে সংঘাতপূর্ণ ইয়েমেন : জাতিসংঘ
ইয়েমেনে চলমান লড়াই-সংঘর্ষ দেশটিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
অপ্রতুল খাবার, বিশুদ্ধ পানির অভাব এবং জ্বালানি স্বল্পতায় ইয়েমেনের মানুষ প্রচণ্ড দুর্ভোগে আছে বলে জানিয়েছেন ডব্লিউএফপি প্রধান আর্থারিন কাজিন।
বিবিসি জানায়, সংগঠনটির হিসাবমতে, ইয়েমেনে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন।
ইয়েমেনে সরকার ও এর শরিকদের অনুগত বাহিনীর সঙ্গে লড়ছে হুতি বিদ্রোহীরা। সরকারি বাহিনীর নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। মার্চে ইয়েমেনের নির্বাসিত সরকারের সমর্থনে সৌদি আরব নেতৃত্বাধীন জোট বাহিনী বোমা হামলা শুরুর পর থেকে দেশটিতে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
ডব্লিউএফপি প্রধান আর্থারিন কাজিন তিনদিনের ইয়েমেন সফর শেষে বলেন, চলমান সহিংসতার কারণে ত্রাণ সংস্থাগুলো জরুরি এলাকাগুলোতে পৌঁছতে পারছে না। বন্দর এলাকাগুলোতেও সংঘাতের কারণে ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।
সতর্ক করে দিয়ে তিনি বলেন, অপুষ্টিতে ভোগা ১২ লাখ শিশুর কাছে খাবার পৌঁছানো না গেলে তারা অপূরণীয় ক্ষতির শিকার হবে।
ইয়েমেনে মাঠ পর্যায়ে খাদ্য নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ডব্লিউএফপি বলছে, দেশটি দুর্ভিক্ষ থেকে আর মাত্র ‘একধাপ দূরে’ আছে।
ইয়েমেনে ‘মানবিক বিপর্যয়’ শুরু হয়ে গেছে জানিয়ে দাতাদের কাছ থেকে জরুরি সহায়তা আহ্বান করেছে জাতিসংঘ।
ওদিকে, ইয়েমেন থেকে ফিরে দেশটিতে ধারণাতীতভাবে মানুষের দুর্ভোগ বেড়েছে বলে নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান স্টিফেন ও’ব্রিয়েন।
একইসঙ্গে ইয়েমেনের হুদাইদা বন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের বোমা হামলারও সমালোচনা করেন তিনি। একে তিনি আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন।
