২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে রাষ্ট্রীয় নিরাপত্তা ভবনে গাড়িবোমা হামলা

মিশরে রাষ্ট্রীয় নিরাপত্তা ভবনের সামনে গাড়িবোমা হামলা চালানো হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 02:34 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

বিবিসি বলছে, বৃহস্পতিবার সকালে দেশটির রাজধানী কায়রোর উত্তরাঞ্চলে অবস্থিত ভবনটিতে এই হামলা চালানো হয়ে।

গাড়িবোমার বিস্ফোরণে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

কায়রোর অনেক অধিবাসী জানিয়েছেন, তারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ পেয়েছেন এবং কম্পন অনুভব করেছেন।

কায়রোতে চলতি বছর বেশ কয়েকদফা বোমা হামলা চালিয়েছে ইসলামপন্থি জঙ্গি-বিদ্রোহীরা।

দেশটির একটি মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “এক ব্যক্তি হঠাৎ করেই রাষ্ট্রীয় নিরাপত্তা ভবনের সামনে তার গাড়িটি থামায়। তারপর লাফ দিয়ে গাড়ি থেকে নেমে আগে থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেলের পেছনে চড়ে পালিয়ে যায়।”

বিবৃতিতে আরো বলা হয়, “বিস্ফোরণে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।”

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলায় দায় স্বীকার করেনি।

দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাত্তা আল-সিসি সন্ত্রাসবিরোধী নতুন আইন অনুমোদন করার কয়েকদিনের মধ্যেই এই হামলা চালানো হল।

জিহাদি সন্ত্রাস মোকাবিলার লক্ষ্যে দেশটিতে নতুন সন্ত্রাসবিরোধী আইন করা হয়েছে।