তুরস্কের পর্যটনস্থলে গুলি
তুরস্কের ইস্তাম্বুলে পর্যটকদের অন্যতম আকর্ষণ ডোমবায়াশি প্যালেসের প্রবেশপথের কাছে গুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ প্যালেসটির কাছেই আছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
এক প্রত্যক্ষদর্শী প্রথমে একটি বিস্ফোরণ এবং পরে গুলির শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে স্বয়ংক্রিয় অস্ত্রসহ আটক করেছে বলে জানিয়েছে রয়টার্স।
ঘটনাস্থলে এম্বুলেন্স পাঠানো হয়েছে এবং পুলিশ রাস্তা বন্ধ করে দিয়েছে বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে। এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
ডোমবায়াশি প্যালেসটি ঐতিহাসিক অটোমান সাম্রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন। এলাকাটিতে হামলার সময় প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু রাজধানী আঙ্কারায় ছিলেন।
তুরস্ক গত মাসে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই চরম সতর্কঅবস্থায় রয়েছে। সিরিয়া এবং ইরাকের উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট এবং কুর্দি জঙ্গিদের ওপর হামলা চালিয়ে আসছে তুরস্ক। কট্টর-বাম জঙ্গিদের কাছ থেকেও হুমকির মুখে আছে দেশটি।
