২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পালমিরায় সিরীয় প্রত্নতত্ত্ববিদকে হত্যা করেছে আইএস

সিরিয়ার প্রাচীন শহর পালমিরায় রোমান স্থাপত্যের ধ্বংসাবশেষ সংরক্ষণের বিষয়টি তদারক করতেন যে প্রত্নতত্ত্ববিদ, ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা তাকে শিরশ্ছেদে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 11:50 AM

Updated : 25 Apr 2022, 01:45 PM

বিবিসি বলছে, চলতি বছরের প্রথম দিকে আইএস ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ পালমিরা দখল করে নেওয়ার পর প্রত্নতত্ত্ববিদ খালেদ আসাদকে জিম্মি করেছিল।   

আসাদের পরিবারের বরাত দিয়ে সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগের পরিচালক মামউন আব্দুলকরিম জানিয়েছেন, আইএসের জঙ্গিরা ৮২ বছর বয়সী এই বিশেষজ্ঞের শিরশ্ছেদ করেছে।

৫০ বছরেরও বেশি সময় ধরে পালমিরা নিয়ে কাজ করেছেন প্রত্নতত্ত্ববিদ আসাদ। পালমিরার প্রাচীন ধ্বংসাবশেষ বিষয়ক পুরাতত্ত্ব বিভাগের প্রধান ছিলেন তিনি।

পালমিরাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলোর অন্যতম বলে বিবেচনা করা হয়।

মঙ্গলবার আব্দুলকরিম বলেছেন, ওই বিশেষজ্ঞের পরিবার তাকে জানিয়েছে, জনাব আসাদকে হত্যা করে তার লাশ পালমিরার প্রধান স্কয়ারের একটি স্তম্ভে ঝুলিয়ে রাখা হয়েছে। 

তিনি বলেন, “ভেবে দেখুন, এমন একজন বিশেষজ্ঞ যিনি এই স্থানটির বিষয়ে এবং ইতিহাস বিষয়ে এমন অবিস্মরণীয় অবদান রেখেছেন তারই শিরশ্ছেদ করা হল।” 

“এই শহরে এইসব অপরাধীদের ধারাবাহিক উপস্থিতি পালমিরার প্রত্যেকটি স্তম্ভ ও প্রত্যেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য একটি অভিশাপ ও অশুভ সংকেত।” 

মে মাসে সিরীয় সরকারি বাহিনীকে হটিয়ে পালমিরার দখল নিয়েছিল আইএস যোদ্ধারা। এর আগে গোষ্ঠীটি সিরিয়া ও ইরাকে বিভিন্ন অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করেছে। তবে তারা পালমিরার কতটুকু ক্ষতি করেছে সে সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি।