তুরস্কের বিরুদ্ধে মুসলিম বিদ্রোহের ডাক আইএসের
তুরস্কের মুসলিমদেরকে প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ানের বিরুদ্ধে বিদ্রোহ করার ডাক দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।
মঙ্গলবার তুর্কি ভাষার এক ভিডিও পোস্ট করে আঙ্কারা এবং প্রেসিডেন্ট এরদোয়ানকে হুমকি দেয় আইএস। তুরস্কের মুসলিম নাগরিকদেরকে লড়াইয়ে যোগ দিয়ে রাজধানী দখলের ডাক দেয়া হয় এতে।
ভিডিওটিতে দুই অস্ত্রধারী জঙ্গির মাঝে এক তুর্কি পর্যটককে বসে থাকতে দেখা গেছে। তুরস্কের মুসলিমদেরকে আঙ্কারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার ডাকও দিতে দেখা যায় এতে।
ভিডিও’র বক্তা তুরস্কের প্রেসিডেন্টের বিরুদ্ধে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করার অভিযোগ করেছেন। আঙ্কারা ওয়াশিংটনের সঙ্গে হাত মিলিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তুরস্কের সেনাবাহিনী জুলাইয়ের শেষদিকে সিরিয়ায় প্রথম আইএস এর ওপর বোমা হামলা শুরু করে। সীমান্ত এলাকায় আইএস এর একটি হামলার জবাবে এ পদক্ষেপ নেয় দেশটি। যদিও আইএস ওই হামলার দায় স্বীকার করেনি।
আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে নামার পরপরই তুরস্ক দক্ষিণাঞ্চলীয় আদানা নগরীতে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক কোয়ালিশন বাহিনীর জন্য তাদের একটি বিমান ঘাঁটি খুলে দেয়।
