শ্রীলঙ্কার ভোটের প্রাথমিক ফলাফলে পিছিয়ে রাজাপাকসে
শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাবেক প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসের ক্ষমতার মঞ্চে ফিরে আসার সম্ভাবনা ফিকে হয়ে গেছে।
মঙ্গলবার দেশটির সাধারণ নির্বাচনে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকসেকে হারিয়ে দেওয়া রাজনৈতিক জোট সাধারণ নির্বাচনেও এগিয়ে আছে।
প্রাথমিক ফলাফলের এই ধারা বজায় থাকলে তা প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সাফল্য হিসেবে বিবেচিত হবে। জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে এই সিরিসেনার কাছেই পরাজিত হয়েছিলেন রাজাপাকসে।
প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর রাজনৈতিক সংস্কার কর্মসূচি এগিয়ে নেওয়ার সংকল্পে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আয়োজন করেছেন সিরিসেনা। নতুন নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টে শক্ত অবস্থান তৈরি করে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করার পরিকল্পনা করেছেন তিনি।
২২টি জেলার মধ্যে ১৮টির প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, সিরিসেনার জোট অংশীদার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) ২২৫ আসনের পার্লামেন্টে ৭০টি আসন পেয়েছেন।
অপরদিকে ঘোষিত ফলাফলে রাজাপাকসের শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি (এসএলএফপি) একটি আসন কম পেয়েছেন।
ইউএনপি’র সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ব্যবধান আরো বাড়বে। ইউএনপি ১০৫ থেকে ১০৭টি আসন পেতে পারে যা সংখ্যাগরিষ্ঠ ১১৩ আসন থেকে কয়েকটি কম।
বার্তা সংস্থা রয়টার্সের কাছে করা এক মন্তব্যে নিজ জোটের পরাজয়ের সম্ভাবনা স্বীকার করে নিয়েছেন রাজাপাকসে। তার নেতৃত্বে আগামী সরকার গঠিত নাও হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
শ্রীলঙ্কার স্থানীয় সময় দুপুরের দিকে নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষিত হতে পারে। পরাজয় স্বীকার করার আগে সে পর্যন্ত অপেক্ষা করতে চান রাজাপাকসে।
দক্ষিণাঞ্চলীয় হাম্বানটোটার বাড়ি থেকে টেলিফোনে তিনি বলেছেন, “আমি ভালনীতিকে সমর্থন করবো ও খারাপ নীতির বিরোধিতা করবো।”
তবে রাজাপাকসের এক জ্যেষ্ঠ সহচর কলম্বো থেকে ফেইসবুক পেইজে মন্তব্য করেছেন, “আমরা নির্বাচনে হেরে গেছি।”
