২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের খোঁজ

ইন্দোনেশিয়ার ৫৪ জন আরোহী বহনকারী অভ্যন্তরীণ রুটের বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ পাওয়ার দাবি করেছে একটি তল্লাশি বিমান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Aug 2015, 09:44 AM

Updated : 25 Apr 2022, 01:44 PM

সোমবার ইন্দোনেশিয়ার ওই তল্লাশি বিমানটি পাপুয়া প্রদেশের ঘন অরণ্যবেষ্টিত বিনতাং পার্বত্যাঞ্চলে ত্রিগানা এয়ারের বিধ্বস্ত এটিআর ফর্টিটু টার্বোপ্রপ বিমানটির খোঁজ পেয়েছে বলে স্থানীয় পুলিশ প্রধান ইউনুস ওয়ালি জানিয়েছেন।

তিনি বলেন, “এটি সত্য যে, এএমএ-এর (অ্যাসোসিয়েটেড মিশন এভিয়েশন) বিমানটি ওকশপ জলপ্রপাতের কাছে বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছে।”

তিনি আরো যোগ করেন, তল্লাশি ও উদ্ধারকারী দল ওই অঞ্চলে  অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। 

বিধ্বস্ত হওয়া ওই বিমানটির কেউ বেঁচে আছেন কিনা তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।

জয়পুরার সেন্তানি বিমানবন্দর থেকে দক্ষিণাঞ্চলীয় ওকসিবিলে যাওয়ার পথে স্থানীয় সময় রোববার বিকাল ৩টার দিকে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এরআগে স্থানীয় পুলিশ জানিয়েছিল, ওকসিবিলি বিমানবন্দর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ওকবাপের গ্রামবাসীরা বলেছেন, তারা নিচ দিয়ে উড়ে যাওয়া একটি বিমান পর্বতের ওপর বিধ্বস্ত হতে দেখেছেন।

ত্রিগানা এয়ারের এটিআর ফর্টিটু টার্বোপ্রপ উড়োজাহাজটিতে  ৪৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচ শিশু ও পাঁচজন ক্রু ছিলেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।

ত্রিগানা বিমান পরিচালনা সংস্থার পরিচালক বেনি সুমারায়ানতো জানান, বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা জানতে পারার ৩০ মিনিটের মধ্যে এটির খোঁজে এয়ারলাইন থেকে একই পথে আরেকটি বিমান পাঠানো হয়েছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বিমানটি ফিরে আসে।

বিমান নিরাপত্তা বিষয়ক নেটওয়ার্কের তথ্যানুযায়ী, ত্রিগানা এয়ার ১৯৯১ সাল থেকে চালু হওয়ার পর এ পর্যন্ত ১৪ টি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। ধ্বংস হয়েছে ১০ টি বিমান।

২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের নিষিদ্ধ পরিবহনের তালিকায় আছে ত্রিগানা বিমান। কেবলমাত্র ইন্দোনেশিয়ার সার্টিফিকেটপ্রাপ্ত ৪ টি বিমান এ তালিকায় নেই।

পুরনো খবর:

৫৪ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান বিধ্বস্ত