২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫৪ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান বিধ্বস্ত

ইন্দোনেশিয়ায় ৫৪ জন আরোহী বহনকারী অভ্যন্তরীণ রুটের একটি বিমান প্রত্যন্ত পার্বত্যাঞ্চল পাপুয়ায় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা। বিমানটির কেউ বেঁচে আছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 04:04 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জয়পুরার সেন্তানি বিমানবন্দর থেকে দক্ষিণাঞ্চলীয় ওকসিবিলে যাওয়ার পথে স্থানীয় সময় রোববার বিকাল ৩টার দিকে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওকসিবিলি বিমানবন্দর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ওকবাপের গ্রামবাসীরা বলেছেন, তারা নিচ দিয়ে উড়ে যাওয়া একটি বিমান পর্বতের ওপর বিধ্বস্ত হতে দেখেছেন।

ত্রিগানা এয়ারের এটিআর ফর্টিটু টার্বোপ্রপ উড়োজাহাজটিতে  ৪৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচটি শিশু ও পাঁচজন ক্রু ছিলেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।

বিমান পরিবহন সংস্থার মহাপরিচালক সুপ্রাসেতো সাংবাদিকদের বলেন, সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ত্রিগানা বিমানটি বিনতাং পর্বতের ওকবাপে এলাকায় ক্যাম্প ৩ এ পাওয়া গেছে।

বিমানটি তাংগোক পর্বতে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে অধিবাসীরা।

ত্রিগানা বিমান পরিচালনা সংস্থার পরিচালক বেনি সুমারায়ানতো জানান, বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা জানতে পারার ৩০ মিনিটের মধ্যে এটির খোঁজে এয়ারলাইন থেকে একই পথে আরেকটি বিমান পাঠানো হয়েছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বিমানটি ফিরে আসে।

পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জুলিয়াস বারাতা বিমানটি উধাও হয়ে যাওয়ার খবর নিশ্চিত করেন। খারাপ আবহাওয়ার কারণেই সম্ভবত বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানানো হয়েছে অনিশ্চিত কয়েকটি সূত্রে।

বারাতা বলেছেন, বিমানটির কি হয়েছিল সে ব্যাপারে আমরা নিশ্চিত করে কিছু জানি না। আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করছি।

সুমারায়ানতো বলেন, ওকসিবিলি পার্বত্য এলাকার আবহাওয়া কেমন থাকবে তা আঁচ করা কঠিন। আবহাওয়া যে কোনো সময়ই খারাপ হয়ে পড়ে। একারণে আবহাওয়াই বিমানটি বিধ্বস্তের কারণ হওয়ার সম্ভাবনা বেশি।

বিমান নিরাপত্তা বিষয়ক নেটওয়ার্কের তথ্যানুযায়ী, ত্রিগানা এয়ার ১৯৯১ সাল থেকে চালু হওয়ার পর এ পর্যন্ত ১৪ টি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। ধ্বংস হয়েছে ১০ টি বিমান।

২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের নিষিদ্ধ পরিবহনের তালিকায় আছে ত্রিগানা বিমান। কেবলমাত্র ইন্দোনেশিয়ার সার্টিফিকেটপ্রাপ্ত ৪ টি বিমান এ তালিকায় নেই।