পাকিস্তানে আত্মঘাতি বোমায় পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী নিহত
পাকিস্তানের পাঞ্জাবে আত্মঘাতী বোমা হামলায় প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদাসহ অন্তত নয়জন নিহত হয়েছেন।
দেশটির ইংরেজি দৈনিক ডনের অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে বলা হয়, রোববার সাদি খান গ্রামে অবসরপ্রাপ্ত কর্নেল সুজা খানজাদার রাজনৈতিক কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। তিনি সেখানে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন।
নিহতদের মধ্যে যে সুজা খানজাদাও রয়েছেন, সে খবর নিশ্চিত করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ড. সাঈদ এলাহী।
পাঞ্জাবের উদ্ধার ও ত্রাণ বিভাগের প্রধান মোহাম্মাদ আশিক পাকিস্তানের জিও টিভিকে বলেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা শহীদ হয়েছেন।”
ডন নিহতের নির্দিষ্ট কোনো সংখ্যা না জানালেও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে অন্তত নয়জনের মৃত্যুর খবর বলা হয়েছে। আর পাকিস্তানের জিও টিভি কমপক্ষে দশজন নিহত হওয়ার কথা জানিয়েছে।
অনেকের সঙ্গে পাঞ্জাবের সহকারী পুলিশ সুপার সৈয়দ শওকতের লাশও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে বলে ডন জানিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, বিস্ফোরণে সুজা খানজাদার ওই কার্যালয়ের ছাদ উড়ে গেছে। আশেপাশের জানালাগুলোর কাচ চুরমার হয়ে গেছে।
এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ছবি: ডন
গত জুলাই মাসে লস্কর-ই-জাংভির প্রধান মালিক ইসহাক নিহত হওয়ার পর সুজাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও ডনের প্রতিবেদনে জানানো হয়।
তবে রয়টার্স জানিয়েছে, তালেবান সংশ্লিষ্ট লস্কর-ই-ইসলাম এ হামলার দায় স্বীকার করেছে।
সংগঠনটির নেতা সালাউদ্দিন আইয়ুবি রয়টার্সকে বলেন, “ভবিষ্যতেও এ ধরনের হামলা চলবে।”
নিষিদ্ধ দুটি সংগঠনেরই পাকিস্তানে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর ইতিহাস রয়েছে।
সুজা ২০১৪ সালের অক্টোবরে প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি বড় অভিযান চালানো হয়েছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলি খান এ হামলার নিন্দা জানিয়েছেন।
