দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আবের ‘গভীর দুঃখপ্রকাশ’
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকা নিয়ে গভীর দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে।
তবে অতীতের এ ভুলের জন্য ভবিষ্যৎ প্রজন্ম নতুন করে আর কোনো দুঃখপ্রকাশ করতে বা ক্ষমা চাইতে বাধ্য নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০ তম বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে শিনজো আবে একথা বলেন।
তিনি বলেন, জাপানের আগের সরকারগুলো যে দুঃখপ্রকাশ করেছে তাই তিনি বজায় রেখেছেন। আগের সে ধারা বজায় রেখে সতর্কপথে চলেছেন তিনি। কিন্তু এ নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের আর অন্তহীনভাবে ক্ষমা চেয়ে যাওয়ার প্রয়োজন নেই।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীভৎসতা এখনো তাড়া করে ফিরছে চীন এবং দক্ষিণ কোরিয়াকে। যুদ্ধকালে জাপানের বর্বর দখলদারিত্বে সবচেয়ে বেশি ভুগেছে এ দেশ দুটি। জাপান তাদের কৃতকর্মের জন্য কখনো পুরোপুরি প্রায়শ্চিত্ত করেনি বলে অভিযোগ করেছে চীন এবং দক্ষিণ কোরিয়া।
যুদ্ধের সময় জাপান নিরীহ মানুষের চরম ক্ষতি এবং দুর্ভোগের কারণ হয়েছে- একথা স্বীকার করে নিয়ে আবে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই বীভৎসতা নিয়ে গভীরভাবে চিন্তা করলে তিনি নির্বাক হয়ে যান। তার হৃদয় দুঃভারাক্রান্ত হয়।
তিনি আরো বলেন, “জাপান বারবারই যুদ্ধের সময়কার কৃতকর্মের জন্য অনুতাপবোধ করেছে এবং গভীর দুঃখ প্রকাশ করেছে। পূর্ববর্তী সরকারগুলোর পক্ষ থেকে যে দুঃখপ্রকাশ করা হয়েছিল, তা ভবিষ্যতেও অটল থাকবে।”
তবে আবে পরিস্কার করে এও বলেন যে, বিশ্বের দেশগুলো চিরকাল অতীতের ওই ঘটনার জন্য জাপানের কাছ থেকে ক্ষমা দাবি করে যেতে পারে না।
ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কে তিনি বলেন, যুদ্ধপরবর্তী প্রজন্মের সঙ্গে ওই যুদ্ধের কোনো সম্পর্ক নেই। যুদ্ধে তাদের কোনা ভূমিকা ছিল না। একারণে দুঃখপ্রকাশের দায় তাদের ওপর চাপিয়ে দেয়া যায় না উল্লেখ করে আবে বলেন, তারা ক্ষমা চাইতে বাধ্য নয়।
