ক্যান্সারে ভুগছেন জিমি কার্টার
ক্যান্সারে ভুগছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। এক বিবৃতিতে দেহে ক্যান্সার ছড়িয়ে পড়ার খবর প্রকাশ করেছেন খোদ জিমি কার্টারই।
তিনি জানান, সম্প্রতি যকৃতে অস্ত্রোপচারের সময় তার এ রোগ ধরা পড়েছে এবং শরীরের অন্যান্য অংশেও তা ছড়িয়ে পড়েছে।
৯০ বছর বয়সী কার্টার জানিয়েছেন, “আগামী সপ্তাহে এ সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে।” এরপরই তিনি এ ব্যাপারে আরো তথ্য দিতে পারবেন।
ক্যান্সার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের আটলান্টায় ‘ইমোরি হেলথ কেয়ারে ভর্তি হবেন বলেও জানিয়েছেন কার্টার।
প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার তার দ্রুত আরোগ্য কামনা করে একটি বিবৃতি দিয়েছেন। এছাড়া তিনি ফোনেও জিমি কার্টারের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
জর্জিয়া থেকে ডেমোক্র্যাটিক দলের হয়ে ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন জিমি কার্টার। ১৯৮১ সালে তিনি হোয়াইট হাউস ছেড়ে যান। কিন্তু এরপরও সক্রিয়ভাবে নানা সামাজিক ও মানবাধিকার বিষয়ক কাজ করে আসছেন কার্টার।
