২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশে চাষ করা লেটুস খেলেন নভোচারীরা

প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে চাষ করা লেটুস পাতার স্বাদ নিলেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 11:32 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

লেটুস পাতায় ছোট্ট একটি কামড়ই মানবজাতির ইতিহাসে এক যুগান্তকারী ভোজন হয়ে রইল।

নাসার মহাকাশে সবজি ফলানোর প্রচেষ্টার আওতায় চাষ করা হয়েছিল এ লেটুস। কয়েক ধাপে এ সবজি ফলানো হয়। লেটুস পাতা চাষ শুরুর ৩৩ দিন পর তা খাওয়া হল।

নভোচারীরা এর আগে মহাকাশে ফসল ফলালেও এবারই প্রথম তাদেরকে তা খেয়ে দেখার অনুমতি দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের তিন নভোচারীর মধ্যে স্কট কেলি সোমবার নাসা’র এক্সপেরিমেন্টের অংশ হিসাবে লেটুস পাতা খান বলে জানিয়েছে ‘দ্য গার্ডিয়ান’।

তবে খাওয়ার আগে পাতাগুলোকে সাইট্রিক এসিড দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। এরপর প্রথমে পাতাটি খাওয়ার পর এর সঙ্গে অলিভ অয়েল এবং ভিনেগার যোগ করেও খেয়ে দেখেন নভোচারীরা।

'ভেজ ওয়ান' নামের একটি বিশেষ বাক্সে রেখে মহাকাশ স্টেশনে ওই লেটুস পাতা চাষ করা হয়। গত বছর থেকে ধাপে ধাপে লেটুসের দেখাশোনা করেন নভোচারী কেলি। পানি, সার দিয়ে গাছগুলোর যত্ন নেন তিনি।

মহাশূন্যে এমন তাজা খাবার নভোচারীদের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।

এর কেবল শারীরিক ও পুষ্টিগত উপকারই নয় বরং মনস্তাত্ত্বিক উপকারও আছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাজা সবজি মহাশূন্যের তেজস্ক্রিয়তা থেকে নভোচারীদের স্বাস্থ্য সুরক্ষা দেবে।

আর এ সবজি যেহেতু দোকান থেকে কেনা নয় বরং ঘরোয়াভাবে চাষ করা, তাই মনঃস্তাত্ত্বিক দিক থেকে এটি খেতে গেলে নভোচরীদের মনে হবে তারা বাসার আঙিনায় লাগানো সবজিই খাচ্ছেন।