২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমএইচ১৭ বিধ্বস্তস্থলে ‘রুশ ক্ষেপণাস্ত্রের টুকরো’

পূর্ব ইউক্রেইনে মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী এমএইচ১৭ বিমান বিধ্বস্তের জায়গাটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের টুকরো পাওয়া গেছে বলেই ধারণা প্রকাশ করেছেন নেদারল্যান্ডের তদন্তকারীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 10:32 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

ঘটনাস্থলে তদন্ত চালিয়ে তদন্তকারীরা এই প্রথম এমন কিছু টুকরো পাওয়ার কথা বললেন, যা রাশিয়ায় তৈরি ভূমি-থেকে-আকাশে উৎক্ষেপণযোগ্য বিউকে ক্ষেপণাস্ত্রের টুকরো বলেই মানছেন তারা।

তবে বিমান বিধ্বস্তের ঘটনার সঙ্গে এ ক্ষেপণাস্ত্রের যোগ থাকার কোনো প্রমাণ এখনো তদন্তকারীরা পাননি বলে জানিয়েছে বিবিসি।

গত বছর জুলাইয়ে পূর্ব ইউক্রেইনের রুশপন্থী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময়  বিধ্বস্ত হয় এমএইচ১৭ ফ্লাইট । বিমানটির ২৯৮ আরোহীর সবাই নিহত হয়।

ইউক্রেইন এবং পশ্চিমা বিশ্বের অভিযোগ ছিল, পূর্ব ইউক্রেইনের রুশপন্থী বিদ্রোহীরাই  রাশিয়ার সরবরাহ করা বিউকে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটিকে ভূপাতিত করেছে।

কিন্তু রাশিয়া এবং ইউক্রেইনের রুশপন্থি বিদ্রোহীরা বরাবরই এ ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। তারা এ ঘটনার জন্য ইউক্রেইনকেই দায়ী করেছে।

ডাচ সেফটি বোর্ডের সঙ্গে এক যৌথ বিবৃতিতে নেদারল্যান্ডস, ইউক্রেইন, বেলজিয়াম, মালয়েশিয়া  ও অস্ট্রেলিয়ার যৌথ তদন্ত দল (জেআইটি) জানিয়েছে, “পূর্ব ইউক্রেইনে আগের একটি উদ্ধার অভিযানের সময় ক্ষেপণাস্ত্রের খন্ডাংশগুলো পাওয়া গেছে।”

এমএইচ১৭ বিধ্বস্তের ঘটনায় কে জড়িত ছিল সে সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য এ অংশগুলো খতিয়ে দেখার ওপরই জোর দেয়া হচ্ছে তদন্তে। আর সেকারণে ওগুলো প্রকৃতই কোথা থেকে এসেছে তা নিয়ে এখন আরো তদন্ত চলছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

ডাচ প্রসিকিউটর অফিসের মুখপাত্র ফ্রেড ওয়েস্টারবেক বলেছেন, ৭ টি খন্ড পাওয়া গেছে। যেগুলো বিধ্বস্ত হওয়া বিমানটির নয় বলে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। এরপর আরো তদন্ত চালিয়ে দেখা গেছে এ অংশগুলো খুব সম্ভবত কোনো ক্ষেপণাস্ত্রের।

ফ্রেড আরো বলেন, এগুলো আসলেই কি এবং এটি এইমএইচ১৭ কে আঘাত হানা ক্ষেপণাস্ত্রের খন্ডাংশ কিনা তা নিয়ে আমাদের আরো তদন্ত করা প্রয়োজন। এটি নিশ্চিত হতে পারলে উল্লেখযোগ্য কিছু বলা যাবে।

বিষয়টি খতিয়ে দেখতে তদন্তকারীরা অস্ত্র ও ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তা নিচ্ছেন বলে জানানো হয়েছে বিবৃতিতে।