২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত দখলের ছক আইএসের

২০২০ সালের মধ্যে ভারতসহ বিশ্বের বিশাল অংশ দখলে আনার পরিকল্পনা নিয়েছে মধ্য প্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 09:33 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

পরিকল্পিত নিয়ন্ত্রণ ভূমির একটি মানচিত্রও প্রকাশ করেছে এই জঙ্গি গোষ্ঠী, বিবিসি সাংবাদিক এন্ড্রু হোসকেনের ‘এম্পায়ার অব ফেয়ার : ইনসাইড দ্য ইসলামিক স্টেট’ শীর্ষক নতুন একটি বইয়ে যা প্রকাশ করা হয়েছে।

মানচিত্রে দেখা গেছে, আগামী পাঁচ বছরের মধ্যে আইএস ভারতীয় উপমহাদেশের অধিকাংশ এলাকা দখলে নেওয়াসহ মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং ইউরোপের বেশ কিছু স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে।

আইএস এর শরিয়া আইনের এ নতুন রাষ্ট্র বা ‘খিলাফত’ প্রতিষ্ঠার পরিকল্পনার আওতায় রয়েছে পশ্চিমে স্পেন থেকে পূর্বে চীন পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল।

এর মধ্যেই ভারতীয় উপমহাদেশ, মধ্য এশিয়া, উত্তর আফ্রিকা এবং ইউরোপের একাংশ রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের দৈনিক ‘মিরর’।

শুধু তাই নয়, মানচিত্রে ওই জায়গাগুলোর নতুন নামও আইএস ইতোমধ্যেই ঠিক করে ফেলেছে। ভারতীয় উপমহাদেশের নামকরণ করা হয়েছে ‘খুরাসান’। স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের নাম আরবি ভাষায় একসঙ্গে দেওয়া হয়েছে ‘আন্দালুস’।

বিভিন্ন খবরে বলা হয়েছে, আইএস এর রয়েছে ৫০ হাজার সদস্য। নগদ অর্থ এবং সম্পদ আছে প্রায় ২শ’ কোটি পাউন্ডের। একইসঙ্গে ইরাক ও সিরিয়ার গ্যাস ও তেলক্ষেত্রগুলোও আছে তাদের দখলে।

আইএস এর বর্বরতায় বিশ্ব এরই মধ্যে স্তম্ভিত, মর্মাহত হয়েছে। ইরাক, সিরিয়া এরই মধ্যে অস্থিতিশীল করে তুলেছে কট্টর এ গোষ্ঠীটি। এখন সৌদি আরব, লিবিয়া পরিস্থিতিকে তারা অস্থিতিশীল করে তুলছে। সম্প্রতি তিউনিসিয়ায় আইএসের তাণ্ডবে পর্যটন শিল্প প্রায় ধ্বংসের মুখে পৌঁছেছে।

বিবিসি সাংবাদিক হোসকেন বলেছেন, “আইএস গোটা বিশ্বকেই তাদের শাসনাধীনে আনতে চায়। প্রথমে তারা ইসলামী বিশ্বকে নিয়ন্ত্রণে আনতে চাইছে। একবার তারা এখানে খিলাফত প্রতিষ্ঠা করে নিলে পরে তারা বাকি বিশ্বকে কব্জা করার পথে এগুবে।”

সাত-দফা কর্মসূচির মধ্য দিয়ে আইএস সে পথে এগোনোর পরিকল্পনা করেছে। ২০ বছর আগেই এ পরিকল্পনার ঘোষণা করেছিলেন আইএসের প্রতিষ্ঠাতা মুসাব-আল-জারকাবি।

এতে বলা হয়েছিল,  ২০০০-’০৩ সালের মধ্যে যুক্তরাষ্ট্র  মুসলিম বিশ্বের বিরুদ্ধে লড়াইয়ে নামবে।  এরপর ২০১০-১৩ সালের মধ্যে আরব দেশগুলোতে গণঅভ্যুত্থান হবে এবং বিশ্বের বেশির ভাগ অংশ আইএসের দখলে আসবে।

প্রথম দুটি এরই মধ্যে মিলেছে। তৃতীয়টিও সত্য হয়ে যাবে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

হোসকেন বলছেন, ২০১০-১১ সালে এ জিহাদি জঙ্গিদের প্রায় নিঃশেষই করে ফেলা হয়েছিল। কিন্তু একেবারে নির্মূল না হওয়ায় তারা আবার ক্যান্সারের মতো ফিরে এসেছে।

ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ ৬০টি দেশ আইএসের বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ায় তাদের লক্ষ্য পূরণ হওয়া অসম্ভব মনে হলেও হোসকেন এ ব্যাপারে সতর্ক করেছেন।

তিনি বলছেন, আইএসের উপর দীর্ঘ বিমান হামলা চলতে থাকলেও তাদের বিরুদ্ধে স্থল অভিযানে নামার জন্য যুক্তরাজ্য ও অন্য দেশগুলোর ওপর চাপ বাড়ছে।

কিন্তু স্থল আগ্রাসন হলে তা আইএসের জন্য শাপে বর হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছেন হোসকেন।

কারণ, এ আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলিমরা একাট্টা হয়ে আইএসের সঙ্গে যোগ দিতে পারে। আর আইএসও চায় তাদের চলমান লড়াইকে সবাই পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে তাদের লড়াই হিসাবেই দেখুক।