ইরাকি প্রধানমন্ত্রীর সংস্কার প্রস্তাবে পার্লামেন্টের সমর্থন
ইরাকে দুর্নীতি দূর করা, সরকারের অপচয় রোধ করা এবং সা্ম্প্রদায়িক উত্তেজনা কমাতে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির প্রস্তাবিত সংস্কার পরিকল্পনা সর্বসম্মতভাবে অুনমোদন করেছে পার্লামেন্ট।
স্পিকার সালিম আল জুবুরির মতে, প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির প্রস্তাবটি কোনো বিতর্ক ছাড়াই পার্লামেন্টে উপস্থাপন করা হয়।
পরিকল্পনার আওতায় আবাদি সরকারের খরচ কমাবেন এবং শীর্ষ পদগুলো বাতিল করবেন।
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের মুখে আবাদি এ উদ্যোগ নিয়েছেন। বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় নগরীগুলোতে কয়েক সপ্তাহ ধরেই আরো ভাল সরকার পরিচালনার দাবিতে বিক্ষোভ হয়ে আসছে।
গত সপ্তাহে ইরাকের শীর্ষ ধর্মগুরু আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি প্রধানমন্ত্রী আবাদিকে দেশে দুর্নীতির বিরুদ্ধে খড়গহস্ত হওয়ার পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে রাজনৈতিক নিয়োগ দেয়ার আহ্বান জানান।
এরপরই আবাদি গুরুত্বপূর্ণ শীর্ষ পদগুলো বাতিল করার পরিকল্পনা ঘোষণা করেন।
ইরাকে সরকারি পদগুলোতে সম্প্রদায় এবং পার্টি কোটার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়ে থাকে। দেশটিতে আছে দুই শিয়া ও এক সুন্নি মিলিয়ে তিন ভাইস প্রেসিডেন্ট। আর শিয়া, সুন্নি এবং কুর্দি মিলিয়ে দেশটিতে উপ-প্রধানমন্ত্রীর পদও রয়েছে তিনটি।
এসব পদে প্রায়ই অযোগ্য প্রার্থী নিয়োগ পাওয়া এবং দুর্নীতি চলতে থাকায় এ পদ্ধতিটি নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা হয়ে আসছে।
নতুন পরিকল্পনার আওতায় পার্টি কোটা কিংবা সম্প্রদায়ের ভিত্তিতে ঊর্ধ্বতন রাজনৈতিক পদে কাউকে নিয়োগ দেয়া হবে না। বাতিল হবে ভাইস প্রেসিডেন্ট এবং উপ-প্রধানমন্ত্রীর পদ।
একইসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত নতুন করে চালু হবে। তাছাড়া, সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত দেহরক্ষী রাখার খরচসহ জাতীয় নিরাপত্তা বাহিনীর বাজেট বৃদ্ধির খরচও কমবে।
