ম্যারাথন আলোচনার পর ঋণচুক্তিতে পৌঁছল গ্রিস
ম্যারাথন আলোচনার পর গ্রিস আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে ৮ হাজার ৫শ’ কোটি ইউরোর বেইলআউট চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন।
এর মধ্য দিয়ে গ্রিস অর্থনৈতিক পতনের হাত থেকে রক্ষা পেল এবং সেইসঙ্গে আগামী সপ্তাহেই দেশটির বড় ধরনের ঋণ পরিশোধে আশার সঞ্চার হল।
সোমবার থেকে শুরু হওয়া ২৩ ঘন্টার আলোচনা শেষে গ্রিক কর্মকর্তারা এথেন্সের একটি হোটেলে দুপক্ষের মধ্যে তিনবছরের এ চুক্তির শর্তের বিষয়গুলোতে একমত হওয়ার ঘোষণা দেন।
‘শেষ পর্যন্ত আমরা চুক্তিতে পৌঁছেছি’, বলেন অর্থমন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তবে ছোটখাট মাত্র দু’তিনটা ইস্যু এখনো ঝুলে থাকার কথা জানান গ্রিক অর্থমন্ত্রী।
ইউরোপীয় কমিশন বলছে, গ্রিস যে চুক্তিতে উপনীত হয়েছে তাতে এখন রাজনৈতিক অনুমোদনের প্রয়োজন পড়বে।
গ্রিসকে ইউরোজোনে রাখা এবং দেউলিয়াত্ব এড়াতে চুক্তিটি দরকার। গ্রিক সরকার এ সপ্তাহেই তিনবছরের এ ঋণচুক্তিতে পার্লামেন্টের অনুমোদন নেয়ার চেষ্টা চালাবে।
২০ অগাস্টের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত করা গ্রিসের জন্য জরুরি। কারণ এ সময়ের মধ্যে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংককে ৩শ’ কোটি ইউরো ঋণ পরিশোধ করতে হবে গ্রিসকে।
