কাবুল বিমানবন্দরের কাছে তালেবান হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের কাছে একটি চেকপয়েন্টে তালেবান এক আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় ৫ জন নিহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, মধ্যদুপুরের দিকে এ হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছে।
বিদেশিদের একটি গাড়িবহর লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন এক তালেবান মুখপাত্র। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।
নতুন তালেবান নেতার নাম ঘোষণার পর থেকে সম্প্রতি একের পর এক প্রাণঘাতী হামলার মধ্যে এটিই সর্বশেষ হামলা।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট আশরাফ ঘানির সোমবার টেলিভিশনে একটি সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে।
কাবুলের উপ পুলিশ প্রধান সৈয়দ গুল আগা রুহানি সাংবাদিকদের বলেছেন, এক আত্মঘাতী হামলাকারী বিমানবন্দরমুখী রাস্তার প্রথম তল্লাশিকেন্দ্রে একটি যান চালিয়ে যায়।
ছবিতে ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়তে দেখা গেছে। নিহতদের মধ্যে ৪ জন বেসামরিক নাগরিক এবং একজন সীমান্ত পুলিশ কর্মকর্তা।
সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার বলেছেন, বিস্ফোরণে আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।বিমানবন্দরটি কয়েকঘন্টার জন্য বন্ধ করা হয়েছে।
গত শুক্রবার তিনটি প্রাণঘাতী হামলায় অন্তত ৫০ জন নিহত হওয়ার পর সোমবারের তালেবান হামলা হয়।
