তুরস্কে সিরিজ হামলা, মার্কিন কনস্যুলেটে গুলি
তুরস্কে নিরাপত্তা বাহিনীর ওপর দফায় দফায় হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। ওদিকে, ইস্তাম্বুলের মার্কিন কনস্যুলেটেও গুলির ঘটনা ঘটেছে।
দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং ইস্তাম্বুলে হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৫ জন নিহত হয়েছে।
শিরনাক প্রদেশের একটি সড়কে বোমা হামলায় নিহত হয় ৪ পুলিশ কর্মকর্তা। এর পরপরই একটি সামরিক হেলিকপ্টারে বন্দুকধারীদের গুলিতে নিহত হয় এক সেনা। ইস্তাম্বুলে পুলিশ স্টেশনে আরেকটি গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে তিন পুলিশ কর্মকর্তা, আহত হয়েছে ১০ জন।
ইস্তাম্বুলে হামলার শিকার হয়েছে মার্কিন কনস্যুলেটও। কনস্যুলেটের সামনে গুলি চালায় দুই নারী হামলাকারী। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত মার্কিন কনস্যুলেট বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে ট্যুইটারে।
তুরস্ক সরকারের এক কর্মকর্তা বলেছেন, কট্টর মার্ক্সবাদী দল দ্য ‘রেভল্যুশনারি পিপলস লিবারেশন ফ্রন্ট’ (ডিএইচকেপি-সি) কনস্যুলেটে হামলার নেপথ্যে রয়েছে। এ দলটি ২০১৩ সালে রাজধানী আঙ্কারায় মার্কিন দূতাবাসে হামলার দায় স্বীকার করেছিল।
ইস্তাম্বুলের গভর্নর এক বিবৃতিতে বলেছেন, সোমবারের হামলাকারীদের মধ্যে আহত একজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি রাইফেল এবং অন্যান্য অস্ত্র।
ওদিকে, সুলতানবেইলিতে পুলিশ স্টেশনে হামলা চালানো দুই জঙ্গি পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। আর আহত পুলিশ কর্মকর্তারা পরে হাসপাতালে মারা যায় বলে জানানো হয়েছে খবরে।
এসব হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
আঙ্কারা ইসলামিক স্টেট (আইএস), কুর্দি এবং কট্টর-বাম জঙ্গিদের ওপর দমনাভিযান শুরুর কয়েক সপ্তাহের মাথায় এ সিরিজ হামলা হল।
শিরনাকে সামরিক হেলিকপ্টারে হামলার পর তুর্কি হেলিকপ্টারগুলো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অবস্থানগুলোতে হামলা চালিয়েছে।
সম্প্রতি পিকেকের শীর্ষ নেতা সেমিল বায়িক অভিযোগ করেছেন, কুর্দি যোদ্ধাদের ওপর হামলা করে তুরস্ক ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীকে রক্ষার চেষ্টা করছে।
কুর্দি যোদ্ধারা, যাদের মধ্যে পিকেকেও অন্যতম, সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। কিন্তু বেশ কিছু পশ্চিমা দেশের মত তুরস্কও পিকেকে-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।
জুলাইয়ে একইসঙ্গে উত্তর ইরাকে পিকেকে-র শিবিরগুলোতে ও আইএস জঙ্গিদের অবস্থানগুলোতে বিমান হামলা চালানো শুরু করে তুরস্ক। এর মাধ্যমে পিকেকে-র সঙ্গে চলা তুরস্কের অস্ত্রবিরতিও শেষ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাতে এ দুইপক্ষের দীর্ঘদিন ধরে চলে আসা লড়াই ফের শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পর্যবেক্ষকরা বলেছেন, আইএস-এর তুলনায় অনেক বেশি হামলার মুখে পড়েছে পিকেকে-র যোদ্ধারা।
অপরদিকে, আইএসের বিরুদ্ধে ‘সর্বাত্মক লড়াই’ শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে বুধবার জানিয়েছে তুরস্ক।
