২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্গুসন হত্যাকাণ্ডের বছরপূর্তিতে গোলাগুলি, আহত ২ 

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ এক তরুণ নিহত হওয়ার একবছর পূর্তির শেষ দিকে গোলাগুলির ঘটনা ঘটেছে। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Aug 2015, 02:48 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

রোববার রাত সোয়া ১১টার দিকে শুরু হওয়া দাঙ্গা পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের এ গোলাগুলির ঘটনায় দুইজন আহত হয়েছেন।

সারাদিন বিভিন্ন প্রতিবাদী আয়োজনের মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে দিনটি পালনের পর রাতে প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

২০১৪ সালের ৯ অগাস্ট ১৮ বছর বয়সী মাইকেল ব্রাউনকে যে স্থানটিতে গুলি করে হত্যা করা হয়েছিল, সেখানে সকালে শত শত মানুষ সাড়ে চার মিনিট নীরবতা পালন করে নিহত ব্রাউনের প্রতি শ্রদ্ধা জানান।

Image
গোলাগুলি শুরু হলে আত্মরক্ষার্থে প্রতিবাদকারীরা মাটিতে শুয়ে পড়েন। ছবি: রয়টার্স

গোলাগুলি শুরু হলে আত্মরক্ষার্থে প্রতিবাদকারীরা মাটিতে শুয়ে পড়েন। ছবি: রয়টার্স

Image
প্রতিবাদকারীরা একটি দোকানে লুটপাট চালানোর পর বাইরে পুলিশি প্রহরা।

প্রতিবাদকারীরা একটি দোকানে লুটপাট চালানোর পর বাইরে পুলিশি প্রহরা।

খুনের পর ব্রাউনের দেহ কয়েকঘণ্টা রাস্তায় পড়ে ছিল। সেই ঘটনা স্মরণে বেশ কিছু বিক্ষোভকারী রাস্তায় শুয়ে থাকেন। 

নিহত হওয়ার পর ফার্গুসনের যে এলাকায় সহিংসতা শুরু হয়েছিল, এবারও সেখানেই সংঘর্ষের উৎপত্তি হয়। গভীররাতে একদল প্রতিবাদকারী রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে আশপাশের দোকানের জানালাগুলো ভাঙতে শুরু করলে পুলিশ বাধা দেয়।

এ সময় গুলিবর্ষণের শব্দ শোনা যায়। এই পরিস্থিতিতেই দুইজন গুলিবিদ্ধ হন। কিন্তু এদের আহত হওয়ার খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

সেন্ট লুইস কাউন্ট্রি পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ব্যাপক গুলিবর্ষণের মুখে পড়ে এক পুলিশ কর্মকর্তা পাল্টা গুলি শুরু করেন। দুটি নেমপ্লেটহীন গাড়ি থেকে গুলিবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা অন্ততপক্ষে একজনকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে থাকতে দেখেছেন।