পাকিস্তানে শিশু যৌন নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার ৭
শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে পাকিস্তানে সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা শিশুদের যৌন নিপীড়নের চিত্র ভিডিও করে সেগুলো তাদের বাবা-মাকে দেখিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতো।
দেশটির পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ শতাধিক শিশু যৌন নিপীড়নের এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি বলছে, কাসুর শহরের কাছাকাছি একটি গ্রামকে ঘিরে এই ধরনের নিপীড়নের ঘটনা ধারাবাহিকভাবে ঘটছিল।
কাসুর শহরটিতে এ ধরনের যৌন নিপীড়নের শিকার কয়েকটি শিশুর পরিবার অভিযোগ জানালে তা গুরুত্ব না দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে বাধে ওই শিশুদের পরিবারের সদস্যদের।
এ ঘটনায় আহত হন ২০ জন।
গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনের সূত্রে অনুমান করা হচ্ছে, এই চক্রটি অন্ততপক্ষে ২৮০ শিশুকে যৌন নিপীড়ন করে শত শত ভিডিও নির্মাণ করেছে।
ধারণ করা ভিডিওতে দেখা গেছে, শিশুদের একে অপরের সঙ্গে শারীরিকভাবে মিলিত হতে বাধ্য করা হচ্ছে।
এই শিশুদের অধিকাংশের বয়স ১৪ বছরেরও কম।
পুলিশ ইতোমধ্যে এ ধরনের প্রায় ২০টি ভিডিও জব্দ করেছে। চক্রটির আরো অপরাধীকে গ্রেপ্তার করা হবে বলে আশা প্রকাশ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
