সৌদিতে নিরাপত্তা বাড়ানোর আহ্বান ক্রাউন প্রিন্সের
ইসলামিক স্টেটের (আইএস) চালানো আত্মঘাতী হামলার পর সৌদি আরবে বাড়তি সতর্কতা অবলম্বন এবং হামলা মোকাবেলায় ভাল প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছেন ক্রাউন প্রিন্স।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ শনিবার জানায়, নিরাপত্তা বাহিনীর একটি মসজিদে আইএস এর বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছে।
শিয়া মুসলিম সংখ্যালঘুদের দুটি মসজিদে গত মে মাসের বোমা হামলার পর গত বৃহস্পতিবার হামলাটি হয়। রিয়াদে কয়েকটি গুলির ঘটনা এবং জুলাইয়ে রাজধানীতে একটি কারাগারের বাইরে গাড়িবোমা হামলা হয়। এর সবগুলোরই দায় স্বীকার করেছে আইএস।
পশ্চিমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে রিয়াদের শাসনক্ষমতায় থাকা রাজপরিবার ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেই মনে করে জিহাদিরা। আর সে কারণেই তারা সৌদি আরবসহ সব আরব রাষ্ট্রের স্থলে এক খিলাফত প্রতিষ্ঠা করতে চায়।
সৌদি প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ বিন আব্দুলাজিজ জঙ্গি হামলার বিরুদ্ধে প্রস্তুতি জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন এবং যে কোনো ঘটনার ক্ষেত্রে সতর্কতার মাত্রা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ক্রাউন প্রিন্স একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীও।
আইএস নেতা আবুবকর আল বাগদাদি গত বছর সৌদি আরবে তাদের সমর্থকদেরকে ইরাক ও সিরিয়ায় পাড়ি না জমিয়ে বরং শিয়ারাসহ সরকারি বিভিন্ন টার্গেটে হামলা চালানোর আহ্বান জানান।
সিরিয়ায় আইএস এর ওপর যুক্তরাষ্ট্র ও অন্যান্য আরব দেশগুলোর হামলায় যোগ দিয়েছে সৌদি আরব।
