ইরাকে বাতিল হচ্ছে উপ-প্রধানমন্ত্রী ও ভাইস-প্রেসিডেন্ট পদ
ইরাকে উপ-প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্টের একাধিক পদ বাতিলের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।
দেশজুড়ে প্রতিবাদের মুখে সরকারের খরচ কমাতে এবং চলমান দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে অনলাইনে এক বিবৃতিতে রোববার এ সংস্কার কর্মসূচি ঘোষণা করেন আবাদি।
বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় নগরীগুলোতে কয়েক সপ্তাহ ধরেই আরো ভাল সরকার পরিচালনার দাবিতে বিক্ষোভ হয়ে আসছে।
গত শুক্রবার ইরাকের শীর্ষ ধর্মগুরু আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি প্রধানমন্ত্রী আবাদিকে দেশে দুর্নীতির বিরুদ্ধে খড়গহস্ত হওয়ার পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে রাজনৈতিক নিয়োগ দেয়ার আহ্বান জানান।
এরপরই আবাদি গুরুত্বপূর্ণ শীর্ষ পদগুলো বাতিল করার এ উদ্যোগ নিলেন।
ইরাকে সরকারি পদগুলোতে সম্প্রদায় এবং পার্টি কোটার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়ে থাকে। দেশটিতে আছে দুই শিয়া ও এক সুন্নি মিলিয়ে তিন ভাইস প্রেসিডেন্ট। আর শিয়া, সুন্নি এবং কুর্দি মিলিয়ে দেশটিতে উপ-প্রধানমন্ত্রীর পদও রয়েছে তিনটি।
এসব পদে প্রায়ই অযোগ্য প্রার্থী নিয়োগ পাওয়া এবং দুর্নীতি চলতে থাকায় এ পদ্ধতিটি নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা হয়ে আসছে।
এখন এর বিপক্ষেই অবস্থান নিচ্ছেন প্রধানমন্ত্রী আবাদি। পার্টি কোটা কিংবা সম্প্রদায়ের ভিত্তিতে ঊর্ধ্বতন রাজনৈতিক পদে কাউকে নিয়োগ দেয়া উচিত না জানিয়ে ভাইস প্রেসিডেন্ট এবং উপ-প্রধানমন্ত্রীর পদ বাতিলের উদ্যোগ নিচ্ছেন তিনি।
একইসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত নতুন করে চালু করতে চান আবাদি। তাছাড়া, সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত দেহরক্ষী রাখার খরচসহ জাতীয় নিরাপত্তা বাহিনীর বাজেট বৃদ্ধির খরচ কমানোরও প্রস্তাব করেছেন তিনি।
তবে আবাদির বেশির ভাগ সংস্কার প্রস্তাবেই পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়বে বলে জানিয়েছে বিবিসি।
