২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ৮

তাইওয়ানের পর চীনের পূর্ব উপকূলে সৌডেলর ঘূর্ণিঝড়ের আঘাতে আটজন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Aug 2015, 03:50 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

শনিবার রাতে আঘাত হানা ঘূর্ণিঝড়টির কারণে উপকূলীয় ওই অঞ্চল থেকে এক লাখ ৬৩ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। 
 
ঘূর্ণিঝড়টির প্রভাবে রোববার কয়েকশত বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। 
 
এর আগে শনিবার তাইওয়ানে ঘূর্ণিঝড়টির আঘাতে ছয়জন নিহত হন। এরপর ঘূর্ণিঝড়টি তাইওয়ান প্রণালী অতিক্রম করে ওই দিন রাতেই চীনের ফুজিয়ান প্রদেশের উপকূলে আঘাত হানে। 
 
রোববার সৌডেলর ফুজিয়ানের পার্শ্ববর্তী ঝেজিয়াং এবং জিয়াংজির দিকে এগিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। দেশটির ভিতরে দিকে এগিয়ে যাওয়া ঘূর্ণিঝড়টি ক্রমে একটি ক্রান্তিয় ঝড়ে পরিণত হচ্ছে বলে জানিয়েছে ট্রপিক্যাল স্ট্রম রিস্ক ওয়েবসাইট।  
 
চীনা রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছপালা উপড়ে গিয়ে এবং আকস্মিক বন্য ও ভূমিধসের শিকার হয়ে হ্যাংঝৌ শহরে আটজন নিহত হয়েছেন। 
 

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে শহরের বন্যাকবলিত রাস্তায় ডুবে থাকা গাড়ি দেখা গেছে, উদ্ধারকাজে নিয়োজিত সেনারা দুর্গতদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।

সিনহুয়া জানিয়েছে, ফুজিয়ানের উপকূল থেকে এক লাখ ৬৩ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই অঞ্চলে ২০ লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎহীন রয়েছে। 
 
ঘূর্ণিঝড়টির প্রভাবে ৫৩০টি ফ্লাইট ও ১৯০টি হাইস্পিড ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।