কাবুলে একদিনে তিন হামলায় নিহত অন্তত ৫০
আফগানিস্তানের রাজধানী কাবুলে সেনাবাহিনী, পুলিশ ও নেটো বাহিনীর উপর একদিনে দফায় দফায় হামলায় অন্তত ৫০ জন নিহত এবং কয়েকশ আহত হয়েছে।
শুক্রবার ভোরে কাবুলের শাহ শহিদ এলাকায় নিরাপত্তা বাহিনীর চত্বরের কাছে শক্তিশালী ট্রাক বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে রক্তক্ষয়ী এই দিনের সূচনা হয়। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর একটি ঘাঁটিতে ঘণ্টা ব্যাপী বন্দুক যুদ্ধের মাধ্যমে যার অবসান হয়।
গত কয়েক বছরের মধ্যে দেশটিতে একদিনে এতো মানুষের মৃত্যু হয়নি।
তালেবান জঙ্গিরা পুলিশ অ্যাকাডেমি ও যুক্তরাষ্ট্রের বাহিনীর ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার নেটো নেতৃত্বাধীন বাহিনীর পক্ষ থেকে বলা হয়, কাবুলের প্রধান বিমানবন্দরের কাছে তাদের ক্যাম্পে শক্তিশালী বোমা হামলায় নেটোর একজন সেনা কর্মকর্তা এবং আটজন চুক্তি ভিত্তিক আফগান সেনা নিহত হয়েছে।
এদিকে শুক্রবার বিকালে একটি পুলিশ অ্যাকাডেমিতে আত্মঘাতী বোমা হামলায় ২৬ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছে।
এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, “বোমা হামলাকারী পুলিশের পোশাক পরে ছিল। প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা বিরতি থেকে ফেরার কয়েক মুহূর্তের মধ্যে সে নিজেকে উড়িয়ে দেয়।”
এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির কার্যালয় থেকে বলা হয়, ট্রাক বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত এবং ২৪৮ জন আহত হয়েছে।
