২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিনেভে দুই হাজার ইরাকিকে হত্যা করেছে আইএস’ 

ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভ প্রদেশে দুই হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে এলাকাটি দখল করে রাখা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Aug 2015, 04:52 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

শুক্রবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া রেকর্ডকৃত এক ভিডিও বিবৃতিতে ইরাকি প্রতিরক্ষামন্ত্রী খালেইদ আল ওবেইদি এ কথা জানিয়েছেন।

কখন এবং কিভাবে এসব মানুষকে হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা, অপরদিকে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে ইরাকি সরকারের দাবিটি নিশ্চিত করা সম্ভব হয়নি।

২০১৪ সালের মাঝামাঝি সিরীয় সীমান্ত অতিক্রম করে উত্তর ও পশ্চিম ইরাকের বিশাল অংশ দখল করে নেয় আইএস। দখলকৃত এলাকায় ‘ইসলামি খিলাফত’ কায়েমের ঘোষণা দেয়। তারপর থেকে ওই এলাকায় প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে ইরাকি কর্তৃপক্ষ।

নিনেভের প্রধান শহর মসুলে মর্গের সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে সব লোককে হত্যার কথা বলা হয়েছে তাদের গত ছয়মাসের মধ্যে হত্যা করা হয়েছে।

নিহতদের বেশিরভাগকেই চুরির মতো সাধারণ অপরাধে হত্যা করা হয়েছে এবং তাদের আগেই কবর দেওয়া হয়েছে। তবে সাংবাদিক, ইরাকি পুলিশের সাবেক সদস্য ও সেনাদের লাশ শুক্রবার সকালে মর্গে পাঠানো হয় বলে জানিয়েছে সূত্রগুলো।

নিহতদের নামের তালিকা আইএস বিতরণ করেছে বলে জানিয়েছেন তারা। 

বিবৃতিতে ওবেইদি বলেছেন, “(আইএস) ঠাণ্ডা মাথায় হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের সঙ্গে সহযোগীতা না করার কারণে নিনেভের দুই হাজার ৭০ জনকে হত্যা করা হয়েছে।”

জানুয়ারিতে মসুলের বাসিন্দাদের সাক্ষাৎকার থেকে জানা যায়, আইএস একটি শক্তিশালী পুলিশি স্টেট গড়ে তুলেছে, তাতে মসুলে ব্যাপক গণঅসন্তোষ তৈরি হলেও সমস্যা নেই।

ইরাকি সেনাবাহিনী ভেঙে পড়ার পর দেশটির দ্বিতীয় বৃহত্তম এই শহরটি আইএসের দখলে চলে যায়। 

ইরাকি পার্লামেন্টের স্পিকার সালিম আল জাবৌরি ফেইসবুকে করা এক মন্তব্যে এ হত্যাকাণ্ডকে “গণহত্যার ঐতিহাসিক অপরাধ” বলে বর্ণনা করেছেন।

আনবার প্রদেশে আইএসের সাম্প্রতিক পরাজয়ের প্রতিক্রিয়ায় এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।