২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খরায় পানামা খালে ঢুকবে কম আয়তনের জাহাজ

এল নিনোর কারণে তীব্র খরায় পানি হ্রাস পাওয়ায় পানামা খাল দিয়ে কম আয়তনের জাহাজ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত সাময়িক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 04:12 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

বিবিসি বলছে, আগামী ৮ সেপ্টেম্বর থেকে খালটিতে প্রবেশ করতে যাওয়া জাহাজের সর্বোচ্চ গভীরতা ৩৯ দশমিক ৫ ফুট থেকে কমিয়ে ৩৯ ফুট নির্ধারণ করা হয়েছে। এতে এই পথে গমনকারী জাহাজের সংখ্যা ২০ শতাংশ হ্রাস পেতে পারে।

১৯৯৮ সালে খরার কারণে খালটিতে জাহাজ প্রবেশের উপর একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। 

পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে, খরা পরিস্থিতি অপরিবর্তিত থাকলে ১৬ সেপ্টেম্বর থেকে জাহাজের গভীরতা আরো হ্রাস করা হবে। তখন কেবলমাত্র ৩৮ দশমিক ৫ ফুট গভীরতার জাহাজই খালে প্রবেশ করতে পারবে। 

আবহাওয়াজনিত প্রাকৃতিক ঘটনা এল নিনোর প্রভাবে খরা শুরু হওয়ায় গাতুন ও আলহাজুয়েলা হ্রদের পানির গভীরতা হ্রাস পাওয়ায় এসব সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে খাল পরিচালনাকারী কর্তৃপক্ষ।

জাহাজের গভীরতা হ্রাসের এ সিদ্ধান্ত শিপিং কোম্পানিগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।