২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে সিনেমা হলে হত্যাকাণ্ড: হোমসের আজীবন কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে সিনেমা হলে নির্বিচার গুলি চালিয়ে ১২ জনকে হত্যার দায়ে একমাত্র আসামি জেমস হোমসকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Aug 2015, 01:34 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

কলোরাডোর অঙ্গরাজ্যের একটি আদালত মৃত্যুদণ্ডের দাবি প্রত্যাখান করে ২৭ বছর বয়সী হোমসকে এই দণ্ডে দণ্ডিত করে।
কারাবাসের পুরো সময়ে আসামি হোমসকে জামিনে মুক্তি দেওয়া যাবে না বলে রায়ে উল্লেখ করেছে আদালত। 

২০১২ সালের ২০ জুলাই মধ্যরাতে ডেনভার শহরের একটি মাল্টিপ্লেক্স হলে হলিউডের ব্যাটমান ছবিটি চলাকালে হোমস আধা-স্বয়ংক্রিয় রাইফেল, শটগান ও পিস্তল নিয়ে প্রবেশ করে নির্বিচার গুলি চালান। এতে ১২ দর্শক নিহত ও আরো ৭০ জন আহত হন।   

এই অপরাধে হোমসের বিরুদ্ধে আনা সবগুলো অভিযোগ প্রমাণিত হওয়ার পর গেল মাসে হোমসকে দোষী সাব্যস্ত করা হয়।

একদিনেরও কম সময় নিয়ে আলোচনার পর অনেক আইনবিশেষজ্ঞ ও জনাকীর্ণ আদালতে উপস্থিতদের হতবাক করে আসামির আজীবন কারাবাসের শাস্তি ঘোষণা করেন বিচারকরা। 

রায়ে উল্লেখ করা হয়, হোমসকে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে বিচারকেরা সর্বসম্মতভাবে একমত হতে পারেননি।  

রায় দেওয়ার সময় আদালতে উপস্থিত নিউরোসায়েন্সের সাবেক শিক্ষার্থী হোমসকে নির্বিকার দেখা যায়। রায় ঘোষণার পরও কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি। পকেটে হাত ঢুকিয়ে সোজা সামনের দিকে নির্বিকার তাকিয়ে থাকেন। 

১২ জন বিচারকের মধ্যে নয়জন মৃতুদণ্ডের পক্ষে ছিলেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক বিচারক প্যানেলের এক সদস্য পরবর্তী সময়ে জানিয়েছেন। বিচারকদের একজন মৃতুদণ্ডের বিপক্ষে ছিলেন ও অপর দুজন আজীবন কারাদণ্ডের পক্ষে ছিলেন বলে জানিয়েছেন তিনি। 

ডেনভারের এই হত্যাকাণ্ডের ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে আগ্নেয়াস্ত্রের উপর নিয়ন্ত্রণ আরোপের দাবি জোরদার হয়েছিল। 
এছাড়া মানসিক অসুস্থতা, জনসমাগম স্থানের নিরাপত্তার মতো বিষয় নিয়ে দেশটিজুড়ে বিতর্ক শুরু হয়।
 
এসব কারণে তিন বছরেরও বেশি সময় ধরে চলা মামলাটি আলোচিত ছিল। কিন্তু একমাত্র আসামির মৃত্যুদণ্ড না হওয়ায় অনেকে হতাশা প্রকাশ করেছেন। 

সিনেমা হলে হোমসের গুলিতে নিহত জেসিকা গাওয়ির মা স্যান্ডি ফিলিপস বলেছেন, “ন্যায় বিচার হল না।”