‘পিয়ংইয়ং সময়’ চালু করছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া ঘড়ির কাঁটা ৩০ মিনিট পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সময় নির্ধারণের জন্য দেশটি ‘পিয়ংইয়ং সময়’ নামে নতুন এ নিজস্ব পদ্ধতি চালু করছে।
উত্তর কোরিয়ার পার্লামেন্ট বুধবার এটি অনুমোদন করেছে। ১৫ অগাস্ট থেকে তা কার্যকর হবে বলে জানিয়েছে বিবিসি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে সাম্রাজ্যবাদী জাপান সময় নির্ধারণের যে মানদণ্ড চালু করেছিল ঘড়ির কাঁটা বদলে দিয়ে এই প্রথম তা থেকে সরে এল উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়।
দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে এতদিন ধরে এক সময়ই বজায় রেখে আসছে উত্তর কোরিয়া। এ মানদণ্ড অনুযায়ী, দেশটিতে সময় নির্ধারণের জন্য জিএমটি’র সঙ্গে ৯ ঘন্টা যোগ করতে হয়।
কিন্তু নতুন পদক্ষেপ অনুযায়ী, উত্তর কোরিয়ার সময় নির্ধারণে গ্রিনিচ মান সময় বা জিএমটি’র সঙ্গে ৮ ঘণ্টা ৩০ মিনিট যোগ করতে হবে।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ বলেছে, “শয়তান জাপানি সাম্রাজ্যবাদীরা দখলদারিত্বে থাকাকালে সময় নির্ধারণের নিজস্ব মানদণ্ড থেকেও কোরিয়াকে বঞ্চিত করেছে।”
১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কোরিয়া জাপানি সাম্রাজ্যধীন ছিল। ১৫ অগাস্ট সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্তির ৭০তম বার্ষিকী পালন করবে উত্তর কোরিয়া। তার আগেই দেশটি সময় নির্ধারণের মানদণ্ড পরিবর্তনের এ ঘোষণা দিল।
উত্তর কোরিয়ার এ পদক্ষেপে দুই কোরিয়ার মধ্যে আন্তঃসীমান্ত তৎপরতায় সমস্যা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়।
কোনো দেশের নিজস্বভাবে সময় নির্ধারণের মানদণ্ড চালু করা আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানই অনুমোদন করে না।
২০১১ সালে সামোয়া প্রতিবেশী দেশগুলোর সাথে যোগাযোগ সহজ করতে তাদের সময় বদলায়।
তাছাড়া, নিজস্ব সময় নির্ধারণ পদ্ধতি চালু করা একমাত্র দেশ কেবল উত্তর কোরিয়াই নয়। ২০০৭ সালে ভেনেজুয়েলাও ঘড়ির কাঁটা আধঘন্টা পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
