কাবুলে শক্তিশালী ট্রাকবোমা হামলা, নিহত ১৫
আফগানিস্তানের রাজধানী কাবুলে এক শক্তিশালী ট্রাকবোমা হামলায় অন্ততপক্ষে ১৫ জন নিহত ও দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।
পুলিশ বলছে, শহরের শাহ শহিদ এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়।
নিরাপত্তা বাহিনীর একটি চত্বরই সম্ভবত এই হামলার লক্ষ্য ছিল বলে একটি নিরাপত্তাসূত্র জানিয়েছে।
শিশুসহ আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।
আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির কার্যালয় থেকে বলা হয়, বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত এবং ২৪৮ জন আহত হয়েছে।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে তালেবান এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কাবুলে নিয়োজিত বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, হতাহতদের অধিকাংশই সাধারণ নাগরিক।
কাবুলের কেন্দ্রীয় অঞ্চলে বড় ধরনের ট্রাকবোমা হামলা অস্বাভাবিক। কেননা দিনের বেলায় এই অঞ্চলে লরি বা বড় ট্রাক প্রবেশ করতে দেয় না পুলিশ।
প্রতি সপ্তায় শহরটিতে ছোট বোমা এবং আত্মঘাতী হামলা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।
বৃহস্পতিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে আত্মঘাতী হামলায় তিন পুলিশসহ অন্ততপক্ষে ছয়জন নিহত হয়েছেন।
