৬,৯৬৬ বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমার
৬ হাজার ৯৬৬ জন বন্দিকে সাধারণ ক্ষমা মঞ্জুর করে মুক্তি দিয়েছে মিয়ানমার। এদের মধ্যে ২১০ জন বিদেশি বলে জানিয়েছে সরকার।
নভেম্বরে সাধারণ নির্বাচনের আগে মানবিক দিক বিবেচনায় প্রেসিডেন্ট বন্দিদেরকে ক্ষমা করে দিয়েছেন বলে জানিয়েছে তথ্যমন্ত্রণালয়।
বিবিসি বলেছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে বার্মিজ রাজবন্দিরা আছে কিনা তা স্পষ্ট জানা যায়নি।
তবে মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১৫০ জনেরও বেশি চীনা আছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। যারা আটক হওয়ায় ক্ষুব্ধ ছিল বেইজিং।
২০১০ সালে প্রেসিডেন্ট থিয়েন সেইনের আধা বেসামরিক সরকার মিয়ানমারের ক্ষমতায় আসার পর সব রাজবন্দি মুক্তির প্রতিশ্রুতি দিয়েছিল। তার পর থেকেই ধারাবাহিকভাবে বন্দিদের মুক্তি দিয়ে আসছে সরকার। এ প্রক্রিয়ায়ই সর্বশেষ ৬ সহস্রাধিক বন্দি মুক্তি পেল।
এর আগে সংস্কার প্রক্রিয়ার অংশ হিসাবে বেশির ভাগ রাজবন্দিকেই মুক্তি দিয়েছে মিয়ানমার সরকার। তবে তারপরও এখন পর্যন্ত ১৫০ রাজবন্দি আটক রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে আট সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা। ২০০৪ সালে তাদের জেল হয়েছিল।
