আইএস বিরোধী লড়াইয়ে তুরস্ককে নেটোর সমর্থন
সিরিয়া এবং ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ককে পূর্ণ সমর্থন দিয়েছে নেটো জোট।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মঙ্গলবার ৯০ মিনিটের এক জরুরি বৈঠকে নেটোভুক্ত দেশ তুরস্ক জোটের বাকি মিত্রদেশগুলোর কাছ থেকে এ সমর্থন পায়। তবে মাত্রাতিরিক্ত সামরিক শক্তি প্রয়োগ করে কুর্দি শান্তি প্রক্রিয়া ক্ষুন্ন না করার জন্য তুরস্ককে আহ্বান জানিয়েছে কয়েকটি দেশ।
সিরিয়া ও ইরাকের জঙ্গিদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে তুরস্ক নেটোর নৈতিক সমর্থন চাওয়ার পর তা অর্জন করেছে। তবে আপাতত মিত্রদেরকাছ থেকে কোনো সামরিক সহায়তা নেয়ার পরিকল্পনা নেই তাদের।
সম্প্রতি সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওপর বিমান হামলা শুরু করেছে তুরস্ক। তুরস্কের জঙ্গি বিমানগুলো সিরিয়ার কুর্দিস্তান ওয়ারকার্স পার্টির(পিকেকে) শিবিরগুলোতেও হামলা চালিয়েছে।
নেটোর উপ মুখপাত্র কারমেন রমেরো রয়টার্সকে বলেন, “সম্প্রতি তুরস্কে একাধিক সন্ত্রাসী হামলার পর আঙ্কারার পক্ষ থেকে জরুরি বৈঠক আহ্বান করা হয়।সন্ত্রাসের বিরুদ্ধে তাদের চলমান লড়াইয়ের বিষয়েও মিত্র দেশগুলোকে তথ্য দেয়া হয়েছে।”
“এ বৈঠক নেটোর সঙ্গে তুরস্কের নিবিড় একাত্মতার ইঙ্গিত।”জিএমটি সময় সকাল ৯টায় নেটো প্রতিনিধিদের বৈঠক শুরু হয়।
এর আগে সোমবার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেন, “আমাদের উদ্দেশ্য এখনই নেটোকেবোঝানো বেশ কঠিন। তবে প্রয়োজন পড়লেই কেবলমাত্র মিত্রদের কাছ থেকে সামরিক সমর্থন চাইবে তুরস্ক।”
ইউরোপীয়ান কমিশনও ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে তুরস্কের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছে। তবে ‘কুর্দি জনগণের সঙ্গে সমস্যা সমাধানে সমঝোতার পথেএগুনোর’ ব্যাপারেও তারা জোর দিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আইএস’ এর বিরুদ্ধে লড়াইয়ের সুযোগকে কুর্দি গ্রুপগুলোর ওপর হামলা চালানোর জন্য কাজে লাগাচ্ছেন বলে উদ্বিগ্ন কয়েকটি ইউরোপীয় দেশ। কুর্দিদেরকে তুরস্কের অখণ্ডতায় হুমকি বলে মনে করেন তিনি।
আর সেকারণেই কুর্দি বিদ্রোহীদের ওপর হামলার ক্ষেত্রে সামরিক শক্তির যথাযথ ব্যবহারের জন্য কয়েকটি দেশ তুরস্ককে আহ্বান জানায় বলে জানিয়েছেন নেটোর এক কর্মকর্তা।
