সিরিয়ায় স্থলসেনা পাঠানো হবে না: তুরস্ক
ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়তে সিরিয়ায় স্থলসেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে তুরস্ক।
আইএস এর আস্তানাগুলোতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তুরস্ক। কিন্তু সিরিয়া/তুরস্ক সীমান্ত এবং ইরাকের বিচ্ছিন্নতাবাদী পিকেকে কুর্দিস পার্টির কাছের আইএস ঘাঁটিগুলোতে বিমান হামলা পট পাল্টে দিতে পারে।
তুরস্কে গত সপ্তাহে বোমা হামলায় দুই সেনা নিহতের ঘটনার জবাবে দেশটি আইএস এবং পিকেকে’র ওপর সহিংস আক্রমণ শানাচ্ছে। সম্প্রতি কয়েক দিনে তুরস্ক আইএস এবং পিকেকে’র সঙ্গে জড়িত সন্দেহে শত শত জনকেগ্রেপ্তারও করেছে।
পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নেটো মঙ্গলবার একটি জরুরি বৈঠক ডেকেছে।
সিরিয়ার কুর্দি পার্টির সশস্ত্র শাখা ‘কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিটস’(ওয়াইপিজি)সোমবার সিরিয়ায় কুর্দি ইউনিটগুলোর ওপর হামলা বন্ধের জন্য তুরস্ককে আহ্বান জানিয়েছে।
তুরস্কের পত্রিকার সম্পাদকদের এক বৈঠকে প্রধানমন্ত্রী আহমেত দাভুতাগলু বলেছেন, তুরস্কের সামরিক তৎপরতার পরিপ্রেক্ষিতে এখন আঞ্চলিক লড়াই-সংঘর্ষে নতুন মোড় সৃষ্টি হয়েছে।
‘হুরিয়াত ডেইলি নিউজ’ দাভুতগলুর উদ্ধৃতি দিয়ে বলেছে, “তুরস্কের উপস্থিতি এবং এর সামরিক শক্তির কার্যকর ব্যবহার সিরিয়া, ইরাকসহ গোটা অঞ্চলেরই পট পাল্টে দিতে পারে, প্রত্যেকেরই সেটি লক্ষ্য করা উচিত।”
